দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শ্যামপুরে প্রতিবাদের পথে আদি বিজেপি কর্মীরা
দি নিউজ লায়নঃ বিধানসভা নির্বাচনে দলীয় নেতারা যখন বাংলা দখলের স্বপ্ন দেখছে তখন দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল শ্যামপুরের আদি বিজেপি নেতা কর্মীরা। এমনকি এইসব বিক্ষুব্ধরা এক ধাপ এগিয়ে রবিবার স্থানীয় একটি সিনেমা হলে প্রতিবাদী মঞ্চ করে সকলে একত্রিত হয়ে দলের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলো। আদি বিজেপি কর্মীদের অভিযোগ তারা ৮০ দশক থেকে শ্যামপুর বিধানসভা এলাকায় দলের হয়ে কাজ করলেও গত কয়েক বছর ধরে দলের নতুন সদস্যরা তাদের পাত্তা দিচ্ছে না। এমনকি তাদের অপমানসূচক কথা বলা হচ্ছে। বিক্ষুব্ধ বিজেপি নেতাদের অভিযোগ একসময় যারা তাদের নামে পুলিশে মিথ্যা অভিযোগ করেছিল আজ তারাই দলের শীর্ষ পদে থেকে তাদের অপমানিত করছে।
তাদের অভিযোগ শনিবার শ্যামপুরে পরিবর্তন যাত্রা প্রবেশ করলেও তাদের এই বিষয়ে কিছু জানানো হয়নি। এমনকি দলের কোন সভা মিছিলেও তাদের ডাকা হয় না। এদিনের এই প্রতিবাদী মঞ্চ থেকে দাবি তোলা হয় যদি বিধানসভা নির্বাচনে তাদের মনমত প্রার্থী না হয় তাহলে তারা বিকল্প পথে হাঁটতে বাধ্য হবে। এদিন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ডাঃ সৌমেন্দু খাড়া। তিনি বলেন তিনবার তিনি বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এবং বিভিন্ন সময়ে দলের বিভিন্ন পদে থাকলেও এখন তাদেরকে অবহেলা করা হচ্ছে। তার অভিযোগ যখন আমাদের তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার কথা তখন আমরা নিজেদের মধ্যে লড়াই করছি। তিনি বলেন এই বিষয়ে আমরা দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে খোলা মনে আলোচনা করব যদি তাতে আমাদের সমস্যা মেটে তাহলে ভালো না হলে বিকল্প ব্যবস্থা।
বিষয়টি নিয়ে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল জানান বিষয়টি তার জানা নেই খোঁজ নিয়ে দেখবেন। যদি এই ধরনের কোন ঘটনা ঘটে থাকে অবশ্যই আলোচনায় বসবেন।বিজেপির এই আদি নব্যর ঝামেলা সম্পর্কে তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি পুলক রায় বলেন এটা ওদের দীর্ঘদিনের সমস্যা। বিজেপিই বিজেপির প্রতিবাদ করছে। তাই মানুষ পরিবর্তন নয় প্রত্যাবর্তন চাইছে।

Post a Comment