এত রাগ কেন মমতার ওপর ! প্রধানমন্ত্রীর দফতরে অভিযান চালাতে পারবেন ! সিপিএম কে আক্রমণ ব্রাত‍্যর - The News Lion

এত রাগ কেন মমতার ওপর ! প্রধানমন্ত্রীর দফতরে অভিযান চালাতে পারবেন ! সিপিএম কে আক্রমণ ব্রাত‍্যর

 


দি নিউজ লায়নঃ     সোমবার ভগবানপুরের শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের দ্বারিমারা সংলগ্ন মাঠে তৃণমূলের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বামেদের নবান্ন অভিযানকে তীব্র আক্রমণ করলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ব্রাত্য বসু। এদিন তিনি বিজেপিকেও একহাত নেন। বেশ কিছুদিন আগে দ্বারিমারা এলাকায় জনসভা করেছিলেন বিজেপির রাজ্যস্তরের নেতারা। এদিন তারই পাল্টা জনসভার ডাক দেওয়া হয়। তবে বিজেপির জনসভাকে টেক্কা দিয়েছে তৃণমূলের জনসভা। জনসভায় ভিড় উপচে পড়ে। এদিন অন্যান্যদের মন্ত্রী সৌমেন মহাপাত্র, ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি, চণ্ডীপুরের বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য, পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর প্রমুখ বক্তব্য রাখেন।


 ব্রাত্যবাবু বামেদের নবান্ন অভিযানকে এক হাত নেন। তিনি বলেন, বামবন্ধুরা, আপনাদের বলি, আপনাদের তো সর্বভারতীয় দল। দিল্লিতে আপনাদের সংগঠন অনেকটাই শক্তিশালী। আপনাদের অনেক বড় বড় নেতাও রয়েছেন। দিল্লিতে গোপালন ভবন সহ বড় বড় অফিসও রয়েছে। কই আপনারা তো চাকরির দাবিতে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযান করেন না? আপনাদের সমস্ত রাগই দেখছি মমতার উপর। এত রাগ কেন? ৩৪ বছরে আপনারা করে-কম্মে খাচ্ছিলেন। উনি সেটা মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছেন বলেই এত গোঁসা? মন্ত্রী বলেন, বিজেপির মতো অদ্ভুত, ভ্রষ্টাচারী, নিষ্ঠুর দল আর নেই। মানুষের ম঩ধ্যে সাদা আর কালো দুটোই থাকে। কিন্তু বিজেপি হল এমন একটি পার্টি, যারা মানুষের মধ্যে ওই কালোটাকে খুঁচিয়ে বের করে আনতে চায়।


 মানুষের মধ্যে জান্তব দিকটা বের করে আনতে চায়। কিন্তু বিজেপি জানে না, একটি কুকুর জন্মে কুকুর হয়। বিড়াল জন্মে বিড়াল হয়। মানুষ জন্মালে তাকে মানুষ হয়ে উঠতে হয়। তৃণমূল কখনওই এধরনের রাজনীতি করে না। আমি বলছি, কংগ্রেসও কখনও এই ধরনের রাজনীতি করেনি। কিন্তু বিজেপির একটি ভয়ঙ্কর দল। ভগবানপুরের বাসিন্দাদের আমার অনুরোধ,  আসন্ন বিধানসভা নির্বাচনে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টিকারী  এবং সাম্প্রদায়িক দল বিজেপিকে সমূলে উৎখাৎ করুন। তৃতীয়বারের জন্য তৃণমূলকে ক্ষমতায় আসা এবং দলনেত্রী মমতা মুখ্যমন্ত্রীর মসনদে বসার সুযোগ করে দিন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.