সোনার চেয়ে মসুর ডালের দাম বেশি, কেন্দ্রীয় সরকারের বাজেট এর তীব্র সমালোচনা করলেন দুলাল মুর্মু
দি নিউজ লায়নঃ সোমবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বালিগেড়িয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে পদযাত্রা করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় ।ওই পদযাত্রায় অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত, তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু ও নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীজীব সুন্দর দাস সহ আরও অনেক। প্রায় পাঁচ হাজার মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। সোমবার বালিগেড়িয়া বিডিও অফিস প্রাঙ্গণ থেকে বালিগেড়িয়া বাজার পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রার শেষে এক সভায় তৃণমূলের ঝাড়গ্রাম জেলা সভাপতি বিধায়ক দুলাল মুর্মু তার ভাষণে বলেন কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোমবার বাজেট পেশ করেছেন। সেই বাজেট জনগণের কোন কাজে লাগবে না। দেশের বিভিন্ন সংস্থাকে বিক্রি করে দিয়ে টাকা লুটের জন্য এই বাজেট তৈরি করা হয়েছে ।এই বাজেটে যেমন সোনার দাম কমেছে কিন্তু বাড়ছে মসুর ডালের দাম ।কারণ প্রতিটি মানুষ মুসুর ডাল ব্যবহার করেন। তাই কেন্দ্র সরকার মুসুর ডালের দাম বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে তিনি বলেন এই বাজেট জনগণের কোন কাজে লাগবে না। বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ার বান্দোয়ান ও ঝাড়গ্রাম থেকে গোপীবল্লভপুর হয়ে উড়িষ্যার বারিপদা পর্যন্ত নতুন রেল লাইন তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাজেটে নতুন রেললাইন তৈরির কোন কথা উল্লেখ নেই। বিজেপি একটি মিথ্যাবাদীদল, তারা মানুষকে মিথ্যা কথা বলে নির্বাচনী বৈতরণী পার হতে চায় ।
অর্থমন্ত্রী সীতারামন নিজেই ঝাড়গ্রামে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেননি। সেইসঙ্গে কেন্দ্র সরকার কৃষকদের সাথে প্রতারণা করছে বলে তিনি অভিযোগ করেন ।তাই তিনি বিজেপির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।ওই সভায় তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত বলেন কেন্দ্র সরকার কৃষক বিরোধী বিল পাস করিয়েছে। সেই কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে হাজার হাজার কৃষক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তা সত্ত্বেও কেন্দ্রের বিজেপি সরকার কৃষকদের পাশে দাঁড়ায়নি। তৃণমূল কংগ্রেস আন্দোলনরত কৃষকদের পাশে রয়েছে এবং ওই কৃষি বিল বাতিলের দাবিতে দলের আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
তিনি বলেন কৃষক বিরোধী, কৃষি বিরোধী ,বাংলা বিরোধী, বাঙালি বিরোধী বিজেপিকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপিকে তিনি উৎখাত করার জন্য সকলকে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়ার আহ্বান জানান। তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু বলেন বিজেপি হাজার চেষ্টা করলেও বাংলার ক্ষমতা দখল করতে পারবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি ও উন্নয়নের প্রতীক। তাই যারা বাংলাজুড়ে সন্ত্রাস সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। সেইসঙ্গে এলাকার কৃষকদের ঐক্যবদ্ধভাবে কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় নেমে তিনি আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

Post a Comment