মেখলিগঞ্জ- হলদিবাড়ির মানুষের স্বপ্নের জয়ী সেতু এখন শুধু উদ্বোধনের অপেক্ষা
দি নিউজ লায়নঃ দীর্ঘ দিনের স্বপ্নপূরণ হতে চলেছে মেখলিগঞ্জ - হলদিবাড়ির মানুষের। মেখলিগঞ্জ ও হলদিবাড়ির মধ্যে সড়ক পথে যোগাযোগ যোগাযোগ স্থাপন করতে তিস্তা নদীর ওপর তৈরী হয়েছে জয়ী সেতু, যা এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। সেতুর দুদিকের এপ্রোচ রোড তৈরীর কাজ কিছুটা বাকি থাকায় সেতুর উদ্বোধন করা হবে ফেব্রুয়ারী মাসে, এমনটাই কিন্তু একটি সূত্র মারফৎ জানানো হয়েছে।
সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আর সেই অপেক্ষাতেই অধীর আগ্রহে প্রহর গুনছে মেখলিগঞ্জ ও হলদিবাড়ির মানুষ। এতদিন মেখলিগঞ্জ ও হলদিবাড়ির নদীপথে নৌকার করে পাড়াপার চলতো। তবে বর্ষার সময় জলপাইগুড়ি শহর হয়ে প্রায় ১৫০ কিমি ঘুরপথে হলদিবাড়ি ব্লক থেকে মেখলিগঞ্জ ব্লকে এবং মেখলিগঞ্জ থেকে হলদিবাড়ি পৌঁছাতে হত।অথচ দুটি ব্লকই কোচবিহার জেলার একই মহকুমার অন্তর্ভুক্ত।
অনেক সময় জেলা শহর কোচবিহারে প্রশাসনিক কাজে এসে সেদিনই ফিরে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়াতো। এতে সময় ও খরচ দুটোই বেশি লাগতো। এবার কিন্তু সে সমস্যা একেবারেই থাকছে না।জয়ী সেতু তৈরী হওয়ায় মেখলিগঞ্জ ও হলদিবাড়ির মধ্যে দূরত্ব দাঁড়াবে মাত্র ১৫ কিমি। সূত্রের খবর, ৭৩ টি পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে জয়ী সেতু। সেতু তৈরীতে প্রায় ৫০০ কোটি টাকা খরচ হয়েছে। সেতু তৈরীর কাজ শেষ পর্যায়ে। এখন সেতুতে নীল সাদা রং লাগানো চলছে।

Post a Comment