বিধানসভা নির্বাচনের আগেই নবদ্বীপে ভাঙ্গন বিজেপির
দি নিউজ লায়নঃ বিধানসভা নির্বাচনের আগেই নবদ্বীপে বড় ধাক্কা খেল বিজেপি। শুক্রবার রাজ্যজুড়ে বামেদের ডাকা ১২ ঘন্টা বাংলা বন্ধের দিনই নদীয়ায় পালাবদল হল একটি গ্রাম পঞ্চায়েতে। বিজেপি শাসিত পঞ্চায়েত প্রধান তন্দ্রা বিশ্বাস ও এক সদস্য শ্যাম সরদার শুক্রবার দুপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখাতেই বিজেপির হাতছাড়া হল জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েত। এদিন পঞ্চায়েত প্রধান তন্দ্রা বিশ্বাসের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন, রাজ্যের কারামন্ত্রী তথা তৃণমূলের নদীয়া জেলা চেয়ারপার্সন উজ্জ্বল বিশ্বাস।
নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েত দখল শুধু সময়ের অপেক্ষা। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে নবদ্বীপ বিধানসভার অন্তর্গত ১০ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৮টি পঞ্চায়েত দখল করে শাসক দল তৃণমূল। বাকি দুটির মধ্যে একটি পঞ্চায়েত একক ভাবে এবং অন্যটি সিপিএম এর সঙ্গে জোট করে ক্ষমতায় আসে বিজেপি। একক ভাবে পঞ্চায়েত দখল করা জোয়ানিয়া পঞ্চায়েতে মোট আসন ১৬টি। গত নির্বাচনে এই পঞ্চায়েতে বিজেপি ৯ টি আসনে জয়লাভ করে। শাসক দল তৃণমূলের ঝুলিতে যায় ৭ টি আসন। বিজেপি শাসিত পঞ্চায়েত প্রধান হন তন্দ্রা বিশ্বাস। শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমুলের পতাকা তুলে নিলেন বর্তমান প্রধান তন্দ্রা বিশ্বাস। প্রধান তৃণমুলে যোগ দেওয়ায় বর্তমানে বিজেপির সদস্য সংখ্যা দাঁড়াল ৭ ।
অন্যদিকে তৃণমুলের সদস্য সংখ্যা ৭ থেকে বেড়ে হল ৯ । এখন শুধু সময়ের অপেক্ষা বোর্ডের রং বদলের অপেক্ষা। প্রধানের দলে যোগ দেওয়ার বিষয়ে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, বিজেপি শাসিত জোয়ানিয়া পঞ্চায়েতে কোনও কাজকর্ম হচ্ছিল না। এখানকার মানুষ দীর্ঘদিন সমস্ত পরিসেবা থেকে বঞ্চিত ছিল। তিনি আরও বলেন,প্রধান সহ দুজন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ায় আমরা পঞ্চায়েত গঠন করতে চলেছি। দীর্ঘদিন পরিসেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ এবার সঠিক পরিসেবা পাবে। শুক্রবার যোগদান পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কারামন্ত্রী ছাড়াও জেলা সভাধিপতি রিক্তা কুন্ডু,সহ- সভাধিপতি দীপক বসু,কর্মাধক্ষ মীর তারান্নুম সুলতানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Post a Comment