আগুন পুড়ে ভস্মীভূত হয়ে গেল তৃণমূলের একটি দলীয় কার্যালয় সহ প্ল্যাটফর্মের তিনটি দোকান
দি নিউজ লায়নঃ আগুন পুড়ে ভস্মীভূত হয়ে গেল তৃণমূলের একটি দলীয় কার্যালয় সহ প্ল্যাটফর্মের তিনটি দোকান ।লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বারাসাত বনগাঁ শাখার হৃদয়পুর স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে।রাতেই দমকলের দুটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রেলওয়ে স্টেশনের মতো জায়গায় কিভাবে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আগুন লাগার কারন খতিয়ে দেখছে রেল পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে বারাসাত শিয়ালদহ শাখার হৃদয়পুর স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস আছে। শুক্রবার গভীর রাতে প্রথমে ঐ পার্টি অফিসে প্রথমে আগুন লাগে বলে স্থানীয়দের দাবি। স্থানীয়রা পার্টি অফিসে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পার্টি অফিস সংলগ্ন আরো তিনটি দোকানে।
বিষয়টি নজরে আসতেই দমকলকে খবর দেয় রেল পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে অবশ্য আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে তৃণমূলের দলীয় কার্যালয় সহ পাশের তিনটে দোকান। কিভাবে আগুন লাগলো তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি।তবে ব্যবসায়ীদের দাবি শর্টসার্কিট থেকে এই আগুন লাগেনি। কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে রেল পুলিশ।

Post a Comment