মনীষীদের মূর্তি স্থান সৌন্দর্যায়নের উদ্যোগ নিল আলিপুরদুয়ার পৌরসভা
দি নিউজ লায়ন ; আলিপুরদুয়ারে বিভিন্ন মনীষীদের মূর্তি স্থান সৌন্দর্যায়নের উদ্যোগ নিল আলিপুরদুয়ার পৌরসভা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই আলিপুরদুয়ার শহরের মারোয়ারি পট্টি পেট্রলপাম্পের সামনে অনাদরে পড়ে থাকা বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম এর মূর্তি স্থান সৌন্দর্যায়ন করেছে আলিপুরদুয়ার পৌরসভা। দামি পাথর লাগিয়ে সুন্দর করে তোলা হয়েছে শহীদ ক্ষুদিরামের মূর্তি স্থানটি। এই কাজে খরচ হয়েছে প্রায় ২ লক্ষ টাকা। বুধবার এই শহীদ মূর্তি স্থান সৌন্দর্যায়নের প্রকল্পটির উদ্বোধন করেন আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান মিহির দত্ত।
এই সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দফতরের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মৃদুল গোস্বামী, পৌর প্রশাসক বোর্ডের সদস্য প্রদ্যুৎ আচার্জী, আলিপুরদুয়ার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় সহ বিভিন্ন বিশিষ্টজনেরা। এদিন দুপুর বেলা এই সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধনের পর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান মিহির দত্ত বলেন, "শহীদ ক্ষুদিরাম আমাদের আবেগ, ভারতবর্ষের আবেগ।
দীর্ঘদিন থেকে শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিটি অবহেলা অনাদরে ছিল বলে অভিযোগ ছিল। আমরা আমাদের ভাবাবেগ, আলিপুরদুয়ারের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে প্রায় ২ লক্ষ টাকা খরচ করে এই মুর্তি স্থানটি সৌন্দর্যায়ন করেছি। আধুনিক টাইলস ও মার্বেল লাগানো হয়েছে। আমাদের শহরে কোন মনীষীর মূর্তি অনাদরে পড়ে থাকবে না। তাই সকলের কাছে অনুরোধ এই শহীদ মূর্তি স্থানটিকে যথাযোগ্য সম্মান ও রক্ষণাবেক্ষণ করুন।" এদিনের এই শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তি মূর্তি স্থান সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল নজর কাড়া।

Post a Comment