কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে কাঁথিতে টাকা বিলির অভিযোগ তৃণমূলের
দি নিউজ লায়ন ; দলের কর্মসূচীতে যোগ দিতে এসে কাঁথিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা উড়িষ্যার বিজেপি নেতা প্রতাপ চন্দ্র ষড়ঙ্গী টাকা বিলি করে করেছেন- এমনই চাঞ্চল্যকর' অভিযোগ তৃণমূলের। তৃণমূল নেতা মামুদ হোসেনের অভিযোগ, ভোট কেনার জন্য পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় টাকা বিলি করছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। তাঁর দাবি কাঁথিতে বুধবার বিকেলে একটি দলীয় কর্মসূচি ছিল বিজেপির।
সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা উড়িষ্যার বিজেপি নেতা প্রতাপচন্দ্র ষড়ঙ্গী। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীকে দেখা যায় একাধিক ব্যক্তিকে টাকা দিতে মামুদ হোসেনের অভিযোগ, বিধানসভা ভোটের আগে টাকা বিলিয়ে ভোট কেনার চেষ্টা করছে ভাজপা। বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের সমস্ত রীতিনীতি জলাঞ্জলি দিয়ে গায়ের জোরে প্রভাব খাটিয়ে টাকা বিলি করে বাংলা দখল করতে চাইছে বিজেপি।
যদিও বাংলার মানুষ বিজেপির এই অপচেষ্টা রুখে দেবে। মমতাকেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করবেন। একই সঙ্গে তিনি প্রশাসনকে অনুরোধ করেন এ ধরনের বিষয়গুলি খতিয়ে দেখার। একইসঙ্গে তিনি তৃণমূল নেতাকর্মীদের নিজেদের এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর একাধিক জনসভা থেকে দলীয় নেতা-কর্মীদের সাবধান করে দিয়েছেন বিজেপির নেতা মন্ত্রীরা বিভিন্ন এলাকায় গিয়ে টাকা দিয়ে ভোট কিনতে পারেন বলে। মুখ্যমন্ত্রীর অভিযোগ যে সম্পূর্ণ সত্য এই ঘটনা থেকে প্রমাণ হচ্ছে বলে মনে করছেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতৃত্ব।

Post a Comment