চা নির্ভর পর্যটনকে কেন্দ্র করে গ্রামীন অর্থনীতিকে চাঙ্গা করতে শিলিগুড়ি মহকুমার খরিবাড়ির চা বাগানে টি ট্যুরিস্ট স্পট রাজ্যের
দি নিউজ লায়নঃ চা নির্ভর পর্যটনকে কেন্দ্র করে গ্রামীন অর্থনীতিকে চাঙ্গা করতে শিলিগুড়িতে রাজ্যের টি ট্যুরিস্ট স্পট। চা বাগান ঘেরা শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ীতে পর্যটকদের হাতছানি দিচ্ছে জাগিরজোতের নিরালায় চা পর্যটন ক্ষেত্রের ইকো ফ্রেন্ডলি গেস্ট হাউস ও ট্যুরিস্ট স্পট। রাজ্যের বরাদ্দকৃত অর্থ ১৬লক্ষ ৫০হাজার টাকা দিয়ে জাগিরজোত পঞ্চায়েতের নিজস্ব ২০বিঘা জমিতে থাকা চা বাগানে তৈরি করা হয়েছে ইকো ফ্রেন্ডলি ট্যুরিস্ট গেস্ট হাউস।বনবাংলোর আদলে দোচালা দোতলা গেস্ট হাউসের নীচ তলে পর্যটকদের থাকার জন্য দুটি ডবল বেডের রুম রয়েছে, তার ওপরের তলায় থাকছে একটি সিঙ্গেল বেড রুম।
একইসঙ্গে বিশালাকায় গাছের ওপর ভর করে ট্রি সিটিং জোন যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হবে বলে মনে করছেন প্রকল্পের আধিকারিকরা। খরিবাড়ী পঞ্চায়েতের এই প্রকল্পে নির্মাণ সহায়ক হিসেবে নিযুক্ত রাজেন মিস্রা জানান জাগিরজোত এলাকায় চা বাগান দেখে অনেকেই চলে যায় তাই পর্যটকদের টানতে গেস্ট হাউস থেকে ৫০০মিটারের মধ্যে ১০০দিনের কাজের আওতায় একটি লেক তৈরির কাজ চলছে। পঞ্চায়েতের নিজস্ব খাতে থাকা অর্থ বরাদ্দ করে স্পিড বোট চালানো হবে ওই লেকে।
সন্ধ্যা নেমে আসার সাথেই টিনের দোতলা বাংলোয় বসে অথবা টাটকা চা পাতা দিয়ে তৈরী চায়ের পেয়ালায় চুমুক দিয়ে লোক নৃত্যগীতির মনোরঞ্জন নিতে পারবেন পর্যটকেরা। মনোরম পরিবেশে দু-তিন দিন কাটাতে চান এমন আগ্রহী পর্যটকদের চা বাগিচায় হাতে ধরে পাতা তোলা ও কাঁচা পাতা থেকে চা তৈরী শেখানো হবে। খরিবাড়ি ব্লকের বিডিও জানান বিগত সপ্তাহে রাজ্যের তরফে একটি পর্যবেক্ষক দল পুরো প্রকল্পটি দেখে গিয়েছে। তাদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া মিলেছে। প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গিয়েছে, তাতে ১১লক্ষ টাকা খরচ হয়েছে।
দ্বিতীয় পর্যায়ে গেস্ট হাউসের নিজস্ব একটি রেস্টুরেন্ট, কর্মীদের জন্য টয়লেট ব্লগ, পার্কিং এরিয়া ও স্বনির্ভরগোষ্টির মহিলাদের সামগ্রী বিক্রয়ের জন্য আটটি স্টল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের সিএসসি, আইবিআরডি, ১৪ ও ১৫অর্থ কমিশনের বরাদ্দকৃত অর্থে এই পুরো প্রকল্পের কাজ চলছে।প্রকল্পের মধ্য দিয়ে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার পাশাপাশি এলাকার আর্থ সামাজিক উন্নয়নকে টার্গেটে রেখেই এগোনো হচ্ছে। চা বিশেষজ্ঞদের দিয়ে পুরো প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি।

Post a Comment