অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সরকারি জমি দখল, তদন্তে পুলিশ - The News Lion

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সরকারি জমি দখল, তদন্তে পুলিশ

 


দি নিউজ লায়নঃ       পুরাতন মালদায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা শৌচাগার ভেঙে রাতারাতি ময়দান করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জমি মাফিয়াদের বিরুদ্ধে। রাতের অন্ধকারে সরকারি জমি দখল করতেই এভাবেই জেসিবি মেশিন চালিয়ে স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শৌচাগার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে রবিবার রাতেই তুমুল শোরগোল পড়ে যায় পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের ঝিমুলি গ্রামে। ক্ষিপ্ত গ্রামবাসীরা মাটি কাটার জেসিবি মেশিন আটক করে। পরিস্থিতি বেগতিক দেখে ওই জেসিপি মেশিনের চালক এলাকা থেকে পালিয়ে যায় । পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ।


 সোমবার সকালে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দারা গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ পত্র ব্লক প্রশাসনের কাছে জমা দিয়েছেন। এই পরিস্থিতির কথা জানতে পেরে ওই গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে আসেন পুরাতন মালদা ব্লক প্রশাসনের কর্তারা। কি কারনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচাগার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, তা নিয়ে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ জানানোর কথা বলেছেন সংশ্লিষ্ট ব্লকের সিডিপিও চিত্রা সরকার। এদিকে ব্লক প্রশাসনকে অভিযোগে স্থানীয় ঝিমুলি গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, গত ১৫ বছর ধরে এই এলাকায় একটিমাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে ।


 আদিবাসী অধ্যুষিত গ্রামের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই শিশু এবং প্রসূতি মহিলাদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়ে থাকে। পাশাপাশি শিক্ষাদানের ব্যবস্থা করা করা হয়ে থাকে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একজন কর্মী এবং ৮৬ জন শিশু ও প্রসূতি মহিলাদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হয়ে থাকে।  কিন্তু রবিবার রাতে এলাকারই কিছু জমি মাফিয়াদের দল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা শৌচাগার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এমনকি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভাঙার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের এমনটাই অভিযোগ করেছেন গ্রামের বাসিন্দারা । বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা মাটি কাটার জেসিবি মেশিন আটক করে পুলিশ প্রশাসনকে খবর দেয়।


মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌতম দাস জানিয়েছেন , বেআইনিভাবে সরকারি জমি দখল করে নিচ্ছে জমি মাফিয়ারা , তার জ্বলন্ত উদাহরণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শৌচাগার ভেঙে দেওয়ার ঘটনা।  এখান দিয়ে রাস্তা তৈরির পরিকল্পনা নিয়েছিল স্থানীয় জমি মাফিয়ারা। কিন্তু এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না। যারা এই কাজ করে থাকুক না কেন, পুলিশকে অভিযোগ জানানো হবে, অবিলম্বে যেন দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়।


পুরাতন মালদার সিডিপিও চিত্রা সরকার জানিয়েছেন,  বিষয়টি জানার পর আমি ঝিমুনি গ্রামের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিদর্শন করেছি  । এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শৌচাগার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ধরনের বেআইনি কাজকে কখনোই বরদাশ্ত করা যাবে না। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে পুরাতন মালদা থানার পুলিশকে অভিযোগ জানানো হচ্ছে । যারা এই ঘটনা ঘটিয়ে থাকুক না কেন , তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয় সেই দাবিও জানানো হবে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.