নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী
দি নিউজ লায়নঃ নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে প্রতিবেশীকে পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনা রায়না থানা এলাকায়। ধৃতের নাম বিদ্যুৎ সোম। রায়না থানার নারায়ণপুরে তার বাড়ি। পুলিস জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৪টে নাগাদ পাড়ার রাস্তায় সাইকেল চালাচ্ছিল বছর দশের ওই নাবালিকা। সেই সময় তাকে বিদ্যুৎ পাড়ারই একটি বাড়িতে ডেকে নিয়ে যায়।
সেই সময় বাড়িতে কেউ ছিল না। বাড়িতে নিয়ে গিয়ে নাবালিকার উপর সে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। নাবালিকা প্রতিবাদ করলে তাকে ভয় দেখায় অভিযুক্ত। এমনকি ঘটনার কথা জানালে তাকে খুন করা হবে বলে নাবালিকাকে হুমকি দেয় বিদ্যুৎ। কিছুক্ষণ পর বাড়ির মালিক ফিরে এলে নাবালিকাকে ফেলে পালায় অভিযুক্ত। বাড়িতে ফিরে ঘটনার কথা মাকে জানায় নাবালিকা। তার মা ঘটনার বিষয়ে বিদ্যুৎকে বলতে যান। সে হুমকি দিয়ে নাবালিকার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। রাতেই নাবালিকার বাবা রায়না থানায় অভিযোগ দায়ের করেন।
তার ভিত্তিতে ভীতি প্রদর্শন ও পকসো অ্যাক্টের ৮ ধারায় মামলা রুজু হয়। এরপর মঙ্গলবার রাতে বাড়ি থেকে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২৩ ফেব্রুয়ারি ধৃতকে ফের আদালতে পেশের নিের্দশ দেন পকসো আদালতের ভারপ্রাপ্ত বিচারক নন্দন দেববর্মণ। নাবালিকার গোপন জবানবন্দি নথিভুক্ত করার জন্য সিজেএমকে নিের্দশ দিয়েছেন পকসো আদালতের বিচারক।

Post a Comment