চাচোলে কংগ্রেসে ভাঙ্গন। অঞ্চল সভাপতি সভাপতি সহ ৩০০ জনের তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ বিধানসভা নির্বাচনের আগে মালদায় শক্তি বৃদ্ধি তৃণমূলের। চাচোল মহাকুমার হরিশ্চন্দ্রপুরে কংগ্রেসের অঞ্চল সভাপতিসহ ৩০০ জন কর্মী , সমর্থকেরা যোগ দিলেন তৃণমূলে। শুক্রবার দুপুরে দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূলের একটি কর্মী সভার মাধ্যমে এই যোগ দান কর্মসূচী পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর, তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক বুলবুল খান, দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ নজিবর রহমান, হরিশ্চন্দ্রপুর-২ ব্লক তৃণমূল সভাপতি হজরত আলি প্রমুখ।
এদিন দৌলতনগর অঞ্চল কংগ্রেস সভাপতি দানেশ শেখ মিঞা প্রায় ৩০০ জন কর্মী, সমর্থকদের নিয়ে তৃণমূলে যোগদান করেছেন। যোগদানকারী নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ফুল তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর।
দলীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ৩৫ বছর ধরে কংগ্রেসের দৌলতনগর অঞ্চল সভাপতি ছিলেন দানেশ শেখ মিঞা। তার সঙ্গে এদিন কংগ্রেস ছেড়ে ৩০০ জন তৃণমূলে যোগ দিয়েছেন বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। কংগ্রেসের সংশ্লিষ্ট এলাকার প্রভাবশালী অঞ্চল সভাপতিকে দলে টানতে পারায় উচ্ছ্বসিত তৃনমূল শিবির। এদিন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই দানেশ শেখ মিঞা বলেন, কংগ্রেস এখানে কোনও কাজ করছে না। অথচ এই কেন্দ্রের বিধায়ক কংগ্রেস দলের। দলীয় কর্মী সমর্থকদের সমস্যার ব্যাপারে তাকে দেখা যায় না। জেলা নেতৃত্ব দল চালাবার ক্ষেত্রে উদাসীন মনোভাব দেখাচ্ছে। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন দেখেই কংগ্রেস ছেড়ে তারা এদিন এই যোগদান কর্মসূচিতে সামিল হয়েছেন।
তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর বলেন, দানেশ সাহেব পুরনো নেতা। উনি ব্লক কংগ্রেসের সহ সভাপতি ও জেলা কগ্রেসের সদস্য ছিলেন। এমনকি অঞ্চল সভাপতির দায়িত্ব সামলেছেন। উনার সঙ্গে অনেকেই এদিন তৃণমূলে যোগদান করেছেন এর ফলে দৌলতনগর এলাকায় তৃণমূলের শক্তি বৃদ্ধি হয়েছে। যদিও এব্যাপারে হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস বিধায়ক মোস্তাক আলম জানিয়েছেন , দলত্যাগের বিষয়ে কিছু জানা নেই। কাজে এই সম্পর্কে কিছু বলতে পারব না।

Post a Comment