সন্দেহের বশে স্ত্রীকে মারধর, অপমানে আত্মহত্যা গৃহবধূর
দি নিউজ লায়নঃ রাতে বাজার থেকে ফিরতে দেরি হওয়ায় স্ত্রীকে সন্দেহ করে স্বামী। আর তারই জেরে বচসা হয় ওই দম্পতির মধ্যে ।এরপরই গভীর রাতে ওই গৃহবধূর রহস্যজনক অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় শ্বশুরবাড়ি থেকে। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকায়। এই ঘটনায় মৃত গৃহবধূর পরিবার জামাই সহ শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে পুরাতন মালদা থানার খুনের অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।
পাশাপাশি রাতেই মৃত গৃহবধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম প্রিয়া মণ্ডল (২৩)৷ এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে খানিকটা বিরোধ তৈরি হয়েছে৷ মৃতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ তুলেছেন পরিবারের লোকেরা। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই বধূ৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ৷
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রিয়ার মা মেয়ের বাড়িতে আসেন৷ বিকেল নাগাদ মাকে নিয়ে মেয়ে জামাকাপড় কিনতে বাজারে যান৷ বাজার সেরে ফিরতে তাঁর অনেকটা দেরি হয়ে যায়৷ এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বাধে৷ ঝগড়া চলাকালীন ভাস্কর ভাস্কর মণ্ডল তার স্ত্রীকে মারধর করে বলেও অভিযোগ৷ এরপর গভীর রাতে শশুর বাড়ি থেকে রহস্যজনক অবস্থায় ওই গৃহবধূর দেহ উদ্ধার হয়। এদিকে মেয়ের রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে জামাইয়ের বাড়িতে দলবল নিয়ে পৌঁছায় পরিবারের লোকেরা। সেখানেই এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়৷ খবর পেয়ে রাতেই তদন্তে আসে পুরাতন মালদা থানার পুলিশ৷

Post a Comment