কল্যাণীতে চালু হলো এইমসের বহির্বিভাগ
দি নিউজ লায়নঃ রাজ্য সরকারের দেওয়া জমিতে নদীয়ার কল্যাণীতে চালু হলো এইমস। তবে আপাতত শুধু বহির্বিভাগ চালু হলো চলতি বছরের মধ্যে রোগী ভর্তি শুরু করা যাবে বলে আশা কর্তৃপক্ষের। কল্যাণী শহর থেকে এক কিলোমিটার দূরে বসন্তপুর মৌজাতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স তৈরীর জন্য 2016 তে প্রায় 180 একর জমি দেয় রাজ্য সরকার। এই জমিতেই গড়ে ওঠে এইমস। মঙ্গলবার থেকে চালু হল নদিয়ার কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স ( এইমস)-এর বহির্বিভাগ। বহির্বিভাগের উদ্বোধন করেন কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিং।
তিনি জানিয়েছেন,' সাধারণত ১৭ টি বিভাগে বহির্বিভাগ পরিষেবা দেওয়া হয়ে থাকে। আমরা আপাতত ছোট আকারে অর্থাৎ ৮টি বিভাগ দিয়ে বহির্বিভাগ শুরু করলাম। আশা করা যাচ্ছে, আগামী এপ্রিল -মে মাসের মধ্যে সম্পূর্ণভাবে বহির্বিভাগ পরিষেবা শুরু করা যাবে। তবে সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা দিতে আরও একটু সময় লাগবে। তবে অন্ত:বিভাগের পরিষেবা সহ সম্পূর্ণ পরিষেবা এ বছরের শেষের দিকে চালু করা যাবে।' জানা গিয়েছে, সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বহির্বিভাগ খোলা থাকবে। আপাতত একদিন আগে এইমসের হেল্পলাইন নম্বরে ফোন করে রোগীর নাম নথিভুক্ত করাতে হবে। বর্তমানে ১৫০ থেকে ২০০ জন করে রোগী দেখা হবে।
তবে খুব শীঘ্রই রোগীর নাম নথিভুক্ত করানো হবে অনলাইনে। রামজি সিং জানিয়েছেন,' অন্তর্বিভাগ শুরু করতে প্রয়োজনীয় স্টাফ, সামগ্রী ও আসবাবপত্র না আসা পর্যন্ত তা শুরু করা যাচ্ছে না। রোগীকে যাতে সব সুবিধা দেওয়া যায়, সে কথা মাথায় রেখেই সামান্য দেরিতে হলেও আমরা অন্তর্বিভাগ শুরু করব। আমাদের এখানে চিকিৎসা করাতে রোগীরা খুব কম খরচেই পাবেন পরিষেবা।' আরও জানা গিয়েছে, এইমসের ভবন সম্পূর্ণ হতে সময় লাগবে সম্ভবত জুলাই মাস। আপাতত ফ্যাকাল্টি নিয়োগ চলছে। নন টিচিং ও নার্সিং স্টাফ নিয়োগ সম্পূর্ণ হলে এবং প্রয়োজনীয় সামগ্রী চলে এলে তবে সম্পূর্ণ কাজকর্ম শুরু হবে। গবেষণাগত সাহায্যর জন্য ইতিমধ্যেই বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে কল্যাণী এইমস কর্তৃপক্ষ।

Post a Comment