সুন্দরবনে ‘চোখের আলো’ প্রকল্পের চশমা বিতরণ
দি নিউজ লায়নঃ মুখ্যমন্ত্রীর ‘চোখের আলো’ প্রকল্পে সুন্দরবনে শুরু হল চক্ষু পরীক্ষা করে চশমা বিতরণ। বুধবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েত ভবনে এক চক্ষু পরীক্ষা শিবির করে এলাকার ২০২ জন ব্যক্তির চক্ষু পরীক্ষা করে তাঁদের হাতে ‘চোখের আলো’ প্রকল্পের চশমা তুলে দেওয়া হয়।এদিন উপস্থিত ছিলেন হেলথ সুপার ভাইজার অর্চনা পাল,এএনএম রঞ্জাবতী বিশ্বাস, সুজাতা শীল,নমিতা রায় নস্কর প্রমূখ।
গত ৪ জানুয়ারী মুখ্যমন্ত্রী নবান্নে ঘোষনা করেছিলেন নতুন এই প্রকল্প ‘চোখের আলো’।সকলকে বিনামূল্যে চশমা দেওয়ার পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার।ঘোষনা হয়েছিল রাজ্যে প্রায় ৮ লক্ষ ২৫ হাজার চশমা বিনামূল্যে বিতরণ করা হবে ‘চোখের আলো’ প্রকল্পে।সরকারি স্কুলের পড়ুয়াদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হবে। প্রয়োজনে বিনামূল্যে চশমা দেওয়া হবে। রাজ্যের প্রায় ৪ লক্ষ পড়ুয়ার চক্ষু পরীক্ষা করা হবে।পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও শিশুদের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হবে।আগামী ২০২৫-এর মধ্যে সকলের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হবে।
প্রাথমিক ভাবে ১২০০ গ্রাম পঞ্চায়েত এবং শহরের ১২০ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু হয়েছে এই প্রকল্প । পরবর্তী ২ টি পর্যায়ে অন্যান্য গ্রাম পঞ্চায়েত ও শহরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলিকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে জানানো হয়েছিল।৩৯০ টির বেশি অপটোমেট্রি এবং ৩০০ বেশি সার্জেন এই পরিষেবায় যুক্ত থাকবেন এই ‘চোখের আলো’ প্রকল্পে। রাজ্য সরকারের এমন উদ্যোগে ৬৩ টি স্বেচ্ছাসেবী সংস্থাও সামিল হয়েছে।

Post a Comment