সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু - The News Lion

সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু

 


দি নিউজ লায়নঃ    সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মহিলাদের সম্পের্ক কুরুচিকর মন্তব্য করায় বাঁকুড়ার বিষ্ণুপুরের সংসদ সদস্য তথা বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হল। ঘটনার বিষয়ে বেড়ুগ্রামের এক মহিলা শুক্রবার খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকালে খণ্ডঘোষের বেড়ুগ্রামের দিঘিরপাড়ে বিজেপির সভা ছিল।


 সেখানে অন্যান্যদের সঙ্গে দলের রাজ্য যুব সভাপতি বক্তব্য রাখেন। বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মহিলাদের সম্পের্ক তিনি কুরুচিকর মন্তব্য করেন বলে লিখিত অভিযোগে বেড়ুগ্রামেরই বাসিন্দা মাম্পি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তাঁর আরও অভিযোগ, মহিলাদের সম্পের্ক অসম্মানজনক মন্তব্য করার পাশাপাশি হিন্দু দেব-দেবী সম্পের্কও কুরুচিকর মন্তব্য করেছেন সংসদ সদস্য। তাছাড়া তাঁর ভাষণে সাম্প্রদায়িক উস্কানিও ছিল। এর ফলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পরিবেশ তৈরি হয়। 


 অভিযোগের তার ভিত্তিতে কুরুচিকর মন্তব্য ও এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টির ধারায় (৫০৪, ৫০৫(১)(বি) ও ৫০৯) মামলা রুজু হয়েছে। সংসদ সদস্যের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও বিজেপির তরফে বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে জানানো হয়েছে। খণ্ডঘোষ থানার এক অফিসার বলেন, মামলা রুজু হয়েছে। এ ব্যাপারে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে। ফোনে যোগাযোগ না হওয়ায় এ বিষয়ে সংসদ সদস্যের মন্তব্য মেলেনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.