এবারে বেসুরো জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান - The News Lion

এবারে বেসুরো জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান

 


দি নিউজ লায়নঃ    দুয়ারে সরকার প্রকল্প থেকে সাধারণ মানুষ কোন উপকার পাচ্ছে না। সোমবার সরকারি প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক সৃষ্টি করেছেন জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ হাজরা। এমনকি সোমবার দুয়ারে সরকার শিবিরে আসা মানুষদের সমস্যার সমাধান না করতে পারলে মানুষের সাহায্যে সরকারি কর্মীদের আটকে রাখার হুমকিও দেন বলে অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। যদিও পঞ্চায়েত প্রধানের এই বক্তব্যকে সমর্থন করেনি জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল নেতৃত্ব সূত্রে খবর খুব শীঘ্রই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


সোমবার জগদীশপুর পঞ্চায়েত এলাকার দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়েছিল। এদিন সকাল থেকেই শিবিরে নাম নথিভুক্ত করতে প্রচুর মানুষ জড়ো হয়েছিল। এদিন সঠিক সময়ে সরকারি কর্মীরা হাজির না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা। তিনি বলেন রেশন কার্ড বার্ধক্য ভাতার জন্য মানুষ দীর্ঘদিন ধরে ঘুরছে, যখন তারা দুয়ারে সরকার শিবিরে যাচ্ছেন তখন তাদের ব্লক অফিসে যেতে বলা হচ্ছে। তাহলে কিসের জন্য দুয়ারে সরকার শিবির করা হচ্ছে কেনই বা সরকারি কর্মীরা শিবির আসছেন সেই নিয়েও প্রশ্ন তোলেন গোবিন্দ হাজরা। অভিযোগ এদিন তিনি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে ও তোপ দেখেন। গোবিন্দ হাজরা অভিযোগ করেন এর আগেও একাধিকবার ব্লক থেকে শিবির করার কথা বলা হলেও সরকারি কর্মীরা না আসায় শিবির করা যায়নি। এদিন প্রকাশ্যে গোবিন্দ হাজরা বলেন সাধারণ মানুষকে এইভাবে ঘোরান যাবে না। যদি মানুষকে এইভাবে ঘোরানো হয় তাহলে মানুষ আপনাদের আটকে রাখবে।


অন্যদিকে গোবিন্দ হাজরার এই বক্তব্যকে সমর্থন করেনি জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি দুয়ারে সরকার প্রকল্পকে মানুষ দুই হাত তুলে আশীর্বাদ করছে। যদি এই কাজে কেউ বাধা সৃষ্টি করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


প্রসঙ্গত গোবিন্দ হাজরা গত কয়েকদিন ধরেই সরকার এবং দলের বিরুদ্ধে বেসুরো মন্তব্য করছেন। দলবদলের এই বাজারে তার এই মন্তব্য রাজনৈতিক মহলে জল্পনা উসকে দিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.