শিবপুরে রাজনৈতিক উত্তেজনা, পুলিশ পিকেট এলাকায় - The News Lion

শিবপুরে রাজনৈতিক উত্তেজনা, পুলিশ পিকেট এলাকায়

 


দি নিউজ লায়নঃ   অভিযোগ এবং পাল্টা অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়লো হাওড়ায়। তৃণমূলের অভিযোগ, তাদের দলীয় কর্মীর উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। বিজেপির পাল্টা অভিযোগ ওই এলাকা থেকে তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগদানের পরেই তৃণমূল পরিকল্পনামাফিক তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে। এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে শিবপুর থানা এলাকা। বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের উপর হামলা হয়। তৃণমূলের অভিযোগ তাদের দলীয় এক কর্মীকে রাস্তায় ফেলে  বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়।


 এই ঘটনার প্রেক্ষিতে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে যায় শিবপুর থানার পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। এবিষয়ে তৃণমূলের হাওড়া সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন, বিজেপির অভিযোগ ভিত্তিহীন। আমাদের কর্মীকে ওরা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। থানায় এফআইআর হয়েছে। ওরা নিজেরা মারধর করে আমাদের ছেলেদের নামে মিথ্যে রটাচ্ছে। আমাদের দলের কর্মীরা এরকম কাজ করেনি। এদিকে, বিজেপির অভিযোগ তৃণমূল তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে।


হাওড়া সদর বিজেপি সভাপতি সুরজিৎ সাহা জানিয়েছেন, গত বুধবার তৃণমূল কংগ্রেসের কিছু ছেলে বিজেপিতে যোগদান করে। তারপর থেকেই তাদের ফোনে চমকানো, ধমকানো হয়ে চলেছে। বাড়িতে ঢুকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাঁর। এই ঘটনার পর থানায় অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনার দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে অনুরোধ করা হয়েছে পুলিশকে। এদিকে, পুলিশ জানিয়েছে, দুটি দলের মধ্যে মতবিরোধের কারণেই ওই গন্ডগোল। এই ব্যাপারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.