বাড়িতে ঢুকে মহিলার কান থেকে দুল গলার হার ছিনতাইয়ের অভিযোগ
দি নিউজ লায়নঃ বাড়িতে ঢুকে এক মহিলার কান ছিঁড়ে সোনার দুল এবং গলার হার ছিনতাইয়ের অভিযোগ উঠলো দুই দুষ্কৃতীর বিরুদ্ধে । বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিবরামপল্লী এলাকায়। এই ঘটনার পর ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পরে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। স্থানীয় মানুষ দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ পর্যন্ত দেখায়। পরে পুরো বিষয়টি নিয়ে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আক্রান্ত ওই মহিলার ছেলে অপূর্ব সাহা। এই ছিনতাইয়ের ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে পুলিশ এক দুষ্কৃতী গ্রেফতার করেছে। পাশাপাশি অআরেক দুষ্কৃতীর খোঁজ শুরু করেছে পুলিশ। যদিও ছিনতাই হওয়া সোনার দুল এবং গলার চেন উদ্ধার করতে পারে নি পুলিশ। আক্রান্ত বৃদ্ধার মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন পরিবারের লোকেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম রিতা সাহা (৬৫)। এদিন সকালে বাড়ির নিচতলায় ঘরোয়া কাজ করছিলেন ওই মহিলা। সেই সময় দুই দুষ্কৃতী বাড়ির মধ্যে ঢুকে কান ছিঁড়ে সোনার দুল ছিনতাই করে। পাশাপাশি গলার চেন ছিনতাই করা হয় বলে অভিযোগ। এই সোনার গয়নার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে জানিয়েছেন ওই মহিলার পরিবার। এরপরই ওই মহিলার ছেলে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আক্রান্ত বৃদ্ধা ছেলে অপূর্ব সাহা বলেন , দোতলা বাড়ির ওপর তালায় আমরা সপরিবারে থাকি। নিচতলায় এদিন ঘরের কাজ করছিলেন বৃদ্ধা মা। সেই সময় বাড়ির দরজা খোলা থাকায় ঘন কুয়াশার সুযোগেই ঘরের ভেতরে ঢুকে বৃদ্ধা মায়ের মুখ চেপে সোনার কানের দুল ও গলার চেন ছিনতাই করে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। মায়ের আর্তচিৎকারে আমরা উপর তলা থেকে নিচে নেমে আসি। তখন দেখি মায়ের কান দিয়ে রক্ত ঝরছে । এরপর এই এলাকায় শোরগোল পড়ে যায়। এরকম ঘটনায় চরম আতঙ্ক তৈরি হয়েছে গোটা এলাকায়। আমরা এই ঘটনার অভিযোগ পুরাতন মালদা থানায় জানিয়েছি। এক জন দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , সাতসকালেই বাড়ির মধ্যে ঢুকিয়েই দুষ্কৃতীরা এভাবে ছিনতাইয়ের ঘটনায় সকলে হতবাক হয়ে গিয়েছে। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এরকম ঘটনার জেরে পুলিশি টহলদারি বাড়ানোর দাবি করেছেন ওই এলাকার বাসিন্দারা।পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। একজন দুষ্কৃতীকে গ্রেফতার করার পাশাপাশি আরেকজনের খোঁজ চালানো হচ্ছে।

Post a Comment