ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত, নতুন করে প্রায় ৪০ টি হাতি ঢুকল ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লক এর হাঁড়িভাঙ্গা গ্রামে
দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। প্রতিদিন লোকালয়ে ঢুকে হাতি তাণ্ডব শুরু করছে। ঝাড়গ্রাম জেলার লালগড়, বিনপুর,জামবনি, ঝাড়গ্রাম, নয়াগ্রাম, সাঁকরাইল,বেলিয়াবেড়া,বেলপাহাড়ি থানা এলাকায় হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। যার ফলে ফসলের ও ঘরবাড়ির ক্ষতি করছে হাতির দল গুলি। যখন হাতির তাণ্ডবে দিশেহারা গ্রামবাসীরা ঠিক সেই সময় প্রায় চল্লিশটি হাতির দল খড়গপুর লোকাল থানা এলাকা দিয়ে বুধবার ভোরে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর হাড়িভাঙ্গা গ্রামের জঙ্গলে এসে আস্তানা গাড়ে।
যার ফলে ওই এলাকার বাসিন্দারা প্রচুর ক্ষতির আশঙ্কা করছেন। গ্রামবাসীরা বিষয়টি বন দফতর কে জানিয়েছেন। প্রচন্ড শীতে মানুষ যখন ঘরের মধ্যে রয়েছেন ,সেই সময় লোকালয় ঢুকে হাতির দল তান্ডব চালাচ্ছে ।যার ফলে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রাম জেলার আটটি ব্লকের জঙ্গল লাগুয়া গ্রাম গুলির বাসিন্দারা।সেইসঙ্গে ঝাড়গ্রাম জেলার পাঁচ নম্বর রাজ্য সড়কে ওপর ও ৬ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে হাতি গুলি যাতায়াত শুরু করেছে। মাঝেমধ্যে হাতির দল রাস্তার উপর দাঁড়িয়ে গাড়ি থেকে বিভিন্ন জিনিস টেনে নিচ্ছে।
হাতির হামলায় ক্ষতির কথা স্বীকার করে নিয়েছেন গোপীবল্লভপুর এর বিধায়ক চূড়ামণি মাহাতো। তিনি বলেন আমরা জঙ্গলে বসবাস করি, জঙ্গলে হাতি থাকবে। হাতি থাকলে তো কিছুটা ক্ষতি করবে। তা সত্ত্বেও আমাদের মেনে নিতে হচ্ছে। কারণ তাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। তবে বন দপ্তরের একটু সজাগ থাকা উচিত। তিনি বলেন তার গ্রামে ও হাতি তান্ডব চালিয়েছে ।তাই হাতি নিয়ে চিন্তায় পড়েছে ঝাড়গ্রামের বন দপ্তরের আধিকারিকেরা। তাই নতুন করে চল্লিশটি হাতি সাঁকরাইল ব্লকে চলে আসায় গ্রামবাসীরা আরো ফসলের ও ঘরবাড়ির ক্ষতির আশঙ্কা করছেন । বনদপ্তর এর পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment