দোলনা বানিয়ে খেলতে গিয়ে গলায় কাপড়ের ফাঁস লেগে নিহত স্কুল ছাত্র
দি নিউজ লায়নঃ দোলনায় দোল খেতে গিয়ে গলায় কাপড়ের ফাঁস আটকে মর্মান্তিক মৃত্যু হল পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রের। মৃত শিশুর নাম সহন দাস। মৃত শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে টিউশন পড়ে বাড়ি ফেরার পর দুটি জানলার সঙ্গে কাপড় বেঁধে দোলনা বানিয়ে খেলছিল সহন। বাড়ির একতলায় ছিল সহন। পরিবারের বাকি সদস্যরা ছিলেন দোতলায়।
দশ মিনিট পর তারা নিচে এসে দেখেন দোলনার কাপড় গলায় পেঁচিয়ে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে সহন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় কার্যত বাকরুদ্ধ পরিবার প্রতিবেশীরা। মাত্র কয়েক মিনিটের মধ্যে কিভাবে এমন ঘটনা ঘটে গেল তা বুঝতে পারছেন না কেউ। পুলিশ দেহ ময়নাতদন্ত পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাপড় নিয়ে খেলার সময় কোনভাবে সেই কাপড় ওই ছাত্রের গলায় পেঁচিয়ে যায় এবং এমনভাবে সেটি পেঁচিয়ে যায় যাতে ফাঁস লেগে যায়। যে ফাঁস খোলা সম্ভব হয়নি নিহত ছাত্রের পক্ষে এবং তার জেরেই শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। যদিও ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা বা এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোন বিষয় রয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে। আপাতত ময়নাতদন্তের রিপোর্টে জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা।
Post a Comment