হেমতাবাদে উদ্ধার গুলিবিদ্ধ দেহ
দি নিউজ লায়নঃ পরিযায়ী শ্রমিকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরে। ঘটনাস্থল হেমতাবাদ থানার চৈনগর এলাকা। বুধবার রাতে এলাকার নাওঘাটা ব্রীজ সংলগ্ন নির্জন স্থানে রাস্তার পাশেই রাজীব লোচন সরকার নামে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে পাঠিয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তের পর জানিয়েছে এই ব্যক্তির বুকে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোলও উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে মৃতদেহের পাশে দুমড়েমুচড়ে যাওয়া একটি মোটর বাইকও উদ্ধার হয়েছে। এর জেরেই বছর পঁচিশের এই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এদিকে মৃতের পরিবারের দাবী বুধবার সকালে বাড়িতে খাবার খেয়ে প্রতিবেশীর মোটর বাইক নিয়ে রায়গঞ্জের বিন্দোলের যায়। সন্ধ্যেয় তাকে ফোন করা হলে সে বাড়ির পথেই আছে বলে জানায়। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি সে।
এরপর বাড়ির লোকেরা তার মৃত্যুর খবর পান। এদিকে বুধবার সকালে রায়গঞ্জ ব্লকের কৃষ্ণমুড়ির বাসিন্দা এক তৃণমুল কর্মীকে গুলি করে খুনের ঘটনা ঘটে। ঠিক ওই মৃতদেহের মতই হেমতাবাদে উদ্ধার গুলিবিদ্ধ দেহ। দুটি ঘটনাতেই একই ধরনের গুলির সন্ধান মিলেছে বলে পুলিশ সুত্রে খবর। তবে কি এর সঙ্গে কোনো সিরিয়াল কিলারের যোগ রয়েছে? নাকি এর পেছনে আছে আরো অন্য কোনো রহস্য। যা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রায়গঞ্জ জেলা পুলিশ।

Post a Comment