২০২১-এ হবে তৃণমূলের ২২১ - The News Lion

২০২১-এ হবে তৃণমূলের ২২১

 


 দি নিউজ লায়নঃ   ২১শে আছে শহীদ দিবস, আর ২১শে আছে ভাষা দিবস। তাই ২০২১-এ হবে তৃণমূলের ২২১। মালদায় মহিলা তৃণমূলের মিছিলে যোগ দিয়ে মন্তব্য রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। বুধবার দুপুরে মালদা জেলা মহিলা তৃণমূল নেতৃত্বের ডাকে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। এদিন মিছিল শুরু হয় মালদা শহরের বৃন্দাবনী মাঠসংলগ্ন এলাকা থেকে। এরপর মহিলা তৃণমূলের মিছিল গোটা শহর পরিক্রমা করে শেষ হয় মালদা কলেজ মাঠে। এদিনের এই মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 


এছাড়াও ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসম নূর, জেলার মহিলা সভানেত্রী চৈতালি সরকার, মালদা জেলা পরিষদের সহকারি সভাধিপতি চন্দনা সরকার সহ অন্যান্যরা। এদিন প্রায় দশ হাজার মহিলা কর্মী সমর্থকেরা মিছিলে যোগদান করেছেন বলে জেলা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তৃণমূলের দলীয় পতাকার আদলে রঙিন বেলুন দিয়ে মিছিল সাজিয়ে তোলা হয়। যার অগ্রভাগে ছিল মমতার ছবি দেওয়া ব্যানার এবং পোস্টার। এদিন মিছিল শেষে স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এরাজ্যে জনসংখ্যার নিরিখে মহিলা ভোটার বেশি।


 আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মহিলাদের উন্নয়নের ওপর অনেক জোর দিয়েছে। সেটা কন্যাশ্রী বলুন , অথবা মহিলা স্বনির্ভর গোষ্ঠীর কথাই বলুন, সবেতেই উন্নয়ন করেছে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী। কাজেই এবারেও তৃতীয় বারের জন্য রাজ্যে মমতা সরকার গঠন করবেন। মহামিছিল প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই ধরনের মহা মিছিল  গোটা রাজ্য জুড়ে হচ্ছে। মালদা তার ব্যতিক্রম নয়। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরো বলেন, ২০২১ নির্বাচনের অংকটা গুরুত্বপূর্ণ। কারণ, একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস। একুশে জুলাই শহীদ দিবস। তাই রাজ্যজুড়ে মহিলারা এই একুশে তৃণমূল সরকার গড়ার ডাক দিয়েছে।  মহিলাদের আজকের এই মিছিল বলে দিচ্ছে আগামী বিধানসভায় আবারও তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার গঠন করবে। আর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা এবার ২২১ টি আসন পাবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.