বন্ধ রাইসমিলে নিরাপত্তারক্ষী ও কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাটের ঘটনায় গ্রেপ্তার আরও ১
দি নিউজ লায়নঃ বন্ধ রাইসমিলে নিরাপত্তারক্ষী ও কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিস আরও একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনা জামালপুর থানার উদয়পুর এলাকায়। ধৃতের নাম নুরাই শেখ ওরফে সদা। মঙ্গলকোট থানার লক্ষ্মীপুরে তার বাড়ি। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার মাস সাতেক আগে রাইসমিলটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়।
সেখানে দুই কর্মী ও নিরাপত্তারক্ষীরা থাকতেন। গত ১৬ নভেম্বর রাত সাড়ে ১২টা নাগাদ কয়েকজন দুষ্কৃতি রাইসমিলের গেট টপকে ভিতরে ঢোকে। দুষ্কৃতিরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুই কর্মী ও নিরাপত্তারক্ষীদের একটি ঘরে আটকে রাখে। তাঁদের কাছে থাকা মোবাইল ও টাকা কেড়ে নেওয়া হয়। এরপর মিলের ট্রান্সফর্মারের কপার প্লেট, তেল ও অন্যান্য যন্ত্রাংশ নিয়ে পালায় দুষ্কৃতিরা।
পরেরদিন সকালে কাজে যোগ দিতে আসা দুই নিরাপত্তারক্ষী ঘর থেকে আটকে রাখা নিরাপত্তারক্ষী ও কর্মীদের মুক্ত করেন। পরে মিলের এক কর্মী ঘটনার কথা জানিয়ে পুলিসে অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার রাতে জৌগ্রাম আন্ডারপাস থেকে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। লুটপাটে ব্যবহৃত গাড়ি এবং বাকি জড়িতদের হদিশ পেতে ধৃতকে ১০ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতকে ৭ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Post a Comment