৩৬ ঘন্টার মধ্যেই ডেববার মহিলা খুনের কিনারা করলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ
দি নিউজ লায়নঃ রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ইসলামপুর গ্রাম থেকে উদ্ধার হয় মীনা কেরুর ( ৩৬) নামে এক আদিবাসী মহিলার মৃতদেহ। একে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে উঠেপড়ে লাগে বিজেপি। সোমবার পরপর বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো , বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল মৃতার বাড়িতে আসেন। থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন। জেলার প্রাক্তন পুলিশ সুপার বিজেপি নেত্রী ভারতী ঘোষ ডেবরা থানায় ঢুকে ওসি ও পুলিশ কর্মীদের হুঁশিয়ারি দেন।
মঙ্গলবার সন্ধ্যায় জেলার পুলিশ সুপার দীনেশ কুমার তাঁর দপ্তরে সাংবাদিক বৈঠক করে জানান , এই খুনের ঘটনায় কোনো রাজনৈতিক যোগ নেই। সোমবার রাতে বারুনিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে খুনি শৈল্য দিয়াশী কে। সে স্বীকার করেছে গত কয়েক বছর ধরে তাঁর সঙ্গে ওই মহিলার অবৈধ সম্পর্ক ছিল। প্রায় টাকা দাবি করতেন। এজন্য শনিবার রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। বুধবার ধৃতকে আদালতে পেশ করা হবে।

Post a Comment