ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত কোচবিহারের রাজবাড়ি
দি নিউজ লায়নঃ মঙ্গলবার রাত দেড়টায় বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায় কোচবিহার রাজবাড়ির সুরক্ষা কর্মীদের। একটি ট্রাক রাজবাড়ির লোহার গ্রিল ভেঙে সজোরে ধাক্কা মেরেছে সিংহ দরজার প্রাচীরে। বেশ কিছুটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপত্যের। ভেঙে গেছে লোহার গ্রিল। ঘাতক ট্রাকটিকে আটকাতে পারেনি রাজবাড়ীর সুরক্ষা কর্মীরা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। কোচবিহার জেলার অন্যতম পর্যটন কেন্দ্র কোচবিহার রাজবাড়ি। বেশিরভাগ সামগ্রী এসেছে বিদেশ থেকে। মহারাজা নৃপেন্দ্র নারায়ন এর আমলে তৈরি হয়েছিল রাজবাড়ী।
কোচবিহার বাস এর অন্যতম আবেগে জড়িয়ে আছে রাজবাড়ী কে কেন্দ্র করে।মঙ্গলবার রাতে সেই রাজবাড়ীতে ধাক্কা মারে একটি ঘাতক ট্রাক। সুরক্ষা কর্মীরা জানান, ঘটনার পরেই ট্রাক পালিয়ে গেছে। কিন্তু বেশ কিছুটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। সিংহদুয়ার এর বাইরে থাকা লোহার গ্রিল ভেঙে গেছে, ছোট্ট ফাটল ধরেছে সিংহ দরজার প্রাচীরে। ইতিমধ্যেই এই বিষয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতা হেড কোয়ার্টারে জানানো হয়েছে। কোচবিহার হেরিটেজ সোসাইটি সম্পাদক অরূপ জ্যোতি মজুমদার বলেন, রাজ বাড়ির সামনে প্রতিনিয়ত ব্যাপক যানজট হয়, জেলা প্রশাসনের এই বিষয়টির প্রতি নজর রাখা উচিত।
সেইসাথে রাজবাড়ী সংলগ্ন এলাকায় কোন বড় যানবাহন প্রবেশের ক্ষেত্রে ও নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে আমরা জেলা প্রশাসনের সাথে আলোচনা করব। সরাসরি মন্তব্য না করলেও রাজবাড়ী সুরক্ষার দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মীরা জানান,ইতিমধ্যেই ভাঙা অংশটিকে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হেরিটেজ আওতাভুক্ত এই স্থাপত্যে কাজ করার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা রয়েছে। দ্রুত ভাঙা অংশ ঠিক করা হবে।

Post a Comment