মদের নেশায় মাকে অপমান, হুঁশ ফিরতেই অনুশোচনায় আত্মঘাতী ছেলে
দি নিউজ লায়নঃ মদের নেশার টাকা না পেয়ে মাকে অপমান করেছিল ছেলে। অনুশোচনা হতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো ছেলে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। রাতেই এই ঘটনার খবর পেয়ে তদন্তে যায় সংশ্লিষ্ট থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে তদন্তকারী পুলিশ কর্তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ইসলিম আলি (২০)। ওই ব্যক্তির আত্মহত্যার ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে মায়ের কাছ থেকে জোর করে ২০০ টাকা নিয়ে মদপান করে আসে। রাতে বাড়ি ফিরে বৃদ্ধা মা সেহেলুন বেওয়াকে অকথ্য ভাষায় গালাগালি করে মারতে উদ্যত হয় অভিযুক্ত ওই ছেলে।
এরপরই রাতে ছোট ছেলের উপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন বৃদ্ধা সেহেলুন বেওয়া। গভীর রাতে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে ছেলের আত্মঘাতী হওয়ার খবর শুনে বাড়ি ফিরে আসেন ওই বৃদ্ধা ও তার পরিবারের লোকেরা। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

Post a Comment