চা বাগানের দখল নিয়ে দুপক্ষের বিবাদে চলল গুলি, আহত এক
দি নিউজ লায়নঃ চা বাগানের দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চলল গুলি। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুরের হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েত এলাকার হীরামনগছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চোপড়া থানার পুলিশ। দুটো বন্দুক উদ্ধারের পাশাপাশি এক ব্যক্তিকে আটক করে তারা। গুলিবিদ্ধ এক ব্যক্তিকে দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সুত্রে খবর, শুক্রবার দুপুরে চোপড়া থানার হীরামনগছে চা বাগানের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ বাঁধে। অভিযোগ ২৭ একর জমিতে থাকা ওই চা বাগানটিতে ৪০ জন শ্রমিক কাজ করেন। কিন্তু ওই শ্রমিকদের সাথে আলোচনা না করেই স্থানীয় জমি মাফিয়ারা চা বাগানটি কিনে নেয়। শুক্রবার বাগানে শ্রমিকরা কাজে নামলেই পিয়ার আলী নামের বর্তমান বাগান মালিক ও তার দলবল শ্রমিকদের কাজে নামতে বাধা দেয় বলে অভিযোগ। শ্রমিকদের দাবী মালিকপক্ষ তাদের কিছু না বলে বাগান বিক্রি করতে পারেননা। পুর্বতন মালিক শ্রমিকদের নিষেধ না করা পর্যন্ত তারা বাগানে কাজ করবেই বলে জানাতেই শুরু হয় দুপক্ষের সংঘর্ষ, চলে গুলি, ঘটনায় গুলিবিদ্ধ হয় এক শ্রমিক। শ্রমিকদের অভিযোগ গুলি চালিয়েছে বাগানের নয়া মালিক পিয়ার আলী।
অপরদিকে পিয়ার আলীর দাবী বিতর্কিত চা বাগানের জমিতে তারা এদিন যাননি। ওই বাগানের পাশে আনারস বাগানের পরিচর্যা করতে গিয়েছিলেন তারা। বিতর্কিত চা বাগানের শ্রমিকরা সংঘবদ্ধভাবে তাদের ওপর আক্রমণ চালায় বলে তার পালটা দাবী। সেইসঙ্গে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে পিয়ার আলী। যদিও চোপড়া থানার পুলিশ পিয়ার আলী সহ দু'জনকে আটক করার পাশাপাশি ওই চা বাগান থেকে দুটো বন্ধুক উদ্ধার করেছে। তবে আদৌ গুলি চালানোর ঘটনা ঘটেনি বলে জানিয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন।

Post a Comment