দুয়ারে সরকারের কায়দায় এবার আলিপুরদুয়ারে দুয়ারে গিয়ে মানুষদের জমির অধিকার দিচ্ছে সরকার
দি নিউজ লায়নঃ দুয়ারে সরকারের কায়দায় এবার আলিপুরদুয়ারে দুয়ারে গিয়ে মানুষদের জমির অধিকার দিচ্ছে সরকার। সেই উদ্যোগে নদীর চর এলাকায় বসবাসকারিরাও জমির অধিকার পেতে চলেছেন। রবিবার পলাশবাড়ি উদ্বাস্তু কলোনির প্রায় ৬০০ জনকে জমির পাট্টা দেবে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। পলাশবাড়িতে গিয়ে প্রশাসনিক আধিকারিকরা মানুষদের পাট্টা প্রদান করবেন। এই ৬০০ পরিবারের বেশির ভাগ মানুষই কালজানি নদীর চর এলাকায় বসবাস করেন। জেলা ভুমি ও ভুমি সংস্কার দফতরের পক্ষ থেকে এই পাট্টা দেওয়া হবে।
এই প্রথম কোন নদীর চর এলাকায় মানুষেরা জমির অধিকার পাচ্ছে। এই উদ্যোগকে ঐতিহাসিক বলেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার জেলা তৃণমূল উদ্বাস্তু সেলের সাধারন সম্পাদক পার্থ চক্রবর্তী বলেন, " আমরা ঐতিহাসিক একটি ঘটনার সাক্ষি হব রবিবার। এদিনই আলিপুরদুয়ার শহরের ১১ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ি উদ্বাস্তু কলোনির ৬০০ পাট্টা দেব আমরা। পলাশবাড়িতে গিয়ে আমরা এই পাট্টা বিতরন করব। এর মধ্যে প্রচুর চর এলাকার মানুষ রয়েছেন। গরীব মানুষগুলো জমির অধিকার পাবেন। মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে মানুষ তাদের ভিটে মাটির অধিকার পাচ্ছে।"
জানা গিয়েছে আলিপুরদুয়ার শহরে দ্রুত বিভিন্ন উদ্বাস্তু কলোনীর জমির পাট্টা দেওয়ার নীতি নিয়েছে বর্তমান প্রশাসন। সেই নীতিতেই বিভিন্ন উদ্বাস্তু কলোনীতে পাট্টা দেওয়ার কাজ হচ্ছে। যার মধ্যে বিভিন্ন চর এলাকাও পড়েছে। পলাশবাড়িতে কালজানি নদীর চর এলাকার মানুষেরা প্রথম দফায় পাট্টা পেলেন। এর পর শহরের অন্যান্য এলাকাতেও চর এলাকায় পাট্টা প্রদান করা হবে। বিষয়টি নিয়ে আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা বলেন, " আমরা বিভিন্ন উদ্বাস্তু কলোনীর মানুষদের পাট্টা দেওয়ার ব্যাবস্থা করেছি। রবিবার পলাশবাড়িতে একটি অনুষ্ঠান করে ৬০০ পরিবারকে জমির পাট্টা দেওয়া হবে।"

Post a Comment