অপহরণের নাটক করে নিজের বাবার কাছে দশ লক্ষ টাকার দাবি করলো নিজের ছেলে
দি নিউজ লায়নঃ নিজের বাবার কাছ থেকে দশ লক্ষ টাকা নেওয়ার জন্য ছেলে নিজেই তার অপহরণের নাটক করল। চিত্তরঞ্জনের ঘটনা। চিত্তরঞ্জন থানার পুলিশ অভিযুক্ত ছেলেকে মিথ্যা অপহরণের নাটক করার জন্যে অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের নিরসা গ্রামে গিয়ে আটক করে। পুলিশ সূত্রে খবর ,চিত্তরঞ্জন শহরের ৪০ নম্বর রাস্তার ৫ ডি কোয়ার্টারের বাসিন্দা মুকেশ চক্রবর্তী বুধবার সকালে কাজের জন্য বাড়ি ছেড়ে ছিলেন।
দু ঘন্টার মধ্যে তিনি ফিরে আসার কথা ছিল তবে সন্ধ্যা পর্যন্ত তিনি আর ফিরে আসেননি।তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল।কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মুকেশ নিজেই তার বাবা রেলওয়ের কর্মী সন্তোষ চক্রবর্তী ও অন্যদের ফোন করে জানায় যে আসানসোল যাওয়ার উদ্দেশ্যে বাইপাসে কিছু লোক তাকে কালো গাড়িতে করে অপহরণ করেছে। তাকে মারধর করা হয়েছে এবং না খেতে দিয়ে ধানবাদের একটি বাড়িতে তালাবদ্ধ করে রেখেছে।
যুবকটি জানায় যে অপহরণ কারীরা ১০ লক্ষ টাকার মুক্তিপণ দাবি করছে।বিষয়টি শুনে পরিবারের লোকেরা উদ্বিগ্ন হয়ে পড়ে।তারা চিত্তরঞ্জন থানায় গিয়ে পুলিশকে সব কিছু জানানোর পরে লিখিত অভিযোগ দায়ের করেছে।এরপরে পুলিশ মুকেশ চক্রবর্তীর মোবাইল লোকেশন ট্র্যাক করতে শুরু করে। ভোর রাতে পুলিশ ঝাড়খণ্ডের নিরসার মার্কুড়া গ্রামে অভিযান চালিয়ে মুকেশকে উদ্ধার করে।
গ্রামে মুকেশের বাবা সন্তোষ চক্রবর্তীর মামা অশোক বন্দ্যোপাধ্যায় থাকতেন বলে জানা যায়। তার বাড়ি থেকে মুকেশকে উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি আরাম করে ঘুমাচ্ছিলেন। আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন যে মুকেশ নিজেই তার অপহরণের বিষয়টি তার পরিবারকে জানিয়েছিলেন। যার পরে পুলিশ তাকে তার বাবার মামার বাড়ি থেকে উদ্ধার করে। আদালতের নির্দেশে তাকে বাবার কাছে পাঠানো হয়েছিল। মুকেশের বক্তব্য আসানসোল আদালতে রেকর্ড করা হয়েছে।

Post a Comment