গরু পাচারকারী সন্দেহে গ্রেফতার ছাত্র পুলিশের সহায়তায় থানাতেই বিএ প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা
দি নিউজ লায়নঃ গরু পাচারকারী সন্দেহে গ্রেফতার ছাত্র পুলিশের সহায়তায় বালুরঘাট থানায় বিএ প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রাহুল দেবনাথ। বাড়ি বালুরঘাট ব্লকের অমৃত খণ্ড গ্রামপঞ্চায়েতের কামারপাড়া এলাকায়। রবিবার রাতে বালুরঘাট ব্লকের ডাঙা গ্রামপঞ্চায়েতের চৌড়াপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিস হানা দেয়।
অভিযোগ, একটি পিক আপ ভ্যানে আটটি গরু সহ পরিমল বর্মন ও রাহুল দেবনাথ নামে দু'জনকে পুলিস গ্রেপ্তার করে। পরিমল বর্মনের বাড়ি ডাঙা গ্রামপঞ্চায়েতের শনিহারা এলাকায়। পরিমল পিক আপ ভ্যান নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে গরু নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে। তাদের গ্রেপ্তার করে বালুরঘাট থানায় নিয়ে আসলে পরের দিন সকালে পুলিস তার পরীক্ষার বিষয়টি জানতে পারে। এরপরই পুলিস পরীক্ষার সবরকম ব্যবস্থা করে। এদিন তাকে নির্দিষ্ট সময়ে কোর্টে তোলার কথা থাকলেও পরীক্ষার কারণে তাকে তোলা যায়নি। প্রায় আড়াই ঘণ্টা পরীক্ষা দেওয়ার পরে দুপুরের দিকে তাকে কোর্টে তোলা হয়।
এবিষয়ে জেলা পুলিস সুপার দেবর্ষি দত্ত বলেন, গ্রেপ্তারের পরে এদিন আমরা জানতে পারি, তার বিএ প্রথম বর্ষের পরীক্ষা রয়েছে একজনের। তাই তার পরীক্ষা যাতে কোনভাবে ব্যঘাত না হয়, তার জন্য থানাতেই কম্পিউটারে অনলাইনে পরীক্ষার সুযোগ করে দেয়। সে ভালোভাবে পরীক্ষাও দিয়েছে। আজকে তাকে কোর্টে তুলে জেল হেফাজতে পাঠানো হয়েছে। আগামীতে যে পরীক্ষা গুলি রয়েছে৷ সেগুলি যাতে দিতে পারে, তার জন্য জেল কর্তৃপক্ষকে চিঠি পাঠাচ্ছি।

Post a Comment