আলিপুরদুয়ারে পর পর হাতির হামলা, নিহত এক চা শ্রমিক
দি নিউজ লায়নঃ খেতের ফসলের লোভে বুনো হাতির তাণ্ডব চলছে জঙ্গল লাগোয়া লোকালয়ে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত আলিপুরদুয়ারে দুটো পৃথক হাতির হামলার ঘটনায় এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। নষ্ট হয়েছে কয়েক বিঘে জমির আলু ।এদিন আলিপুরদুয়ারের মাদারিহাটের হান্টাপাড়া চা বাগানের শ্রমিক কান্ডে মুন্ডার মৃত্যু হয়েছে।জানা গিয়েছে সোমবার সকালে বাগানের কাজে যোগ দিয়ে ওই চা শ্রমিক হান্টাপাড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনে চা গাছ পরিচর্যার কাজ করছিলেন।
সেই সময় প্রবল কুয়াশার মধ্যে ওই চা শ্রমিককে আচমকাই পেছন থেকে একটি বুনো হাতি আক্রমণ করে।গুরুতর জখম অবস্থায় কান্ডে মুন্ডাকে মাদারিহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে যান জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আনা হয়েছে। অন্যদিকে রবিবার গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ্যানের উত্তর খয়েরবাড়ির জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি ফালাকাটা ব্লকের উত্তর দেওগাঁওয়ের কার্জীপাড়া এলাকায় ঢুকে পড়ে।
প্রথমে আলু ক্ষেতে হানা দেয় হাতিটি। তারপর এলাকার গীতা কার্জী নামে এক বিধবা মহিলার মুদির দোকানে হানা দিয়ে দোকান ঘর ভেঙে মজুত থাকা দ্রব্য সামগ্রী খেয়ে সাবার করে দেয় বলে খবর। ক্ষতিগ্রস্ত এলাকায় সোমবার পরিদর্শন করেন মাদারিহাট রেঞ্জের উত্তর খয়েরবাড়ির বিট অফিসার বিধান দে। তিনি বলেন, 'ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।' প্রচন্ড ঠান্ডার মধ্যে লাগাতার হাতির হামলার ঘটনায় ডুয়ার্স জুড়ে আতংক তৈরি হয়েছে। জলদপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও কুমার বিমল বলেন, " হাতির হামলায় মৃত চা শ্রমিকের পরিবার চার লক্ষ টাকা ক্ষতিপুরন পাবে।"

Post a Comment