হাওড়া জেলায় প্রথম পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্রের উদ্বোধন
দি নিউজ লায়নঃ হাওড়া জেলার ১৫৭ টি গ্রাম পঞ্চায়েতের কর্মী ও জনপ্রতিনিধিদের প্রশিক্ষণের জন্য বুধবার উলুবেড়িয়া ১ নং ব্লক অফিসে একটি অত্যাধুনিক জেলা পঞ্চায়েত ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। জেলা প্রশাসন সূত্রে খবর ২ কোটি ৭৫ লক্ষ ৭৪ হাজার ৭৬০ টাকা ব্যয়ে এই প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণ করেছে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। জেলা প্রশাসনের বক্তব্য এই প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণ হওয়ায় জেলার পঞ্চায়েত কর্মী ও জনপ্রতিনিধিদের প্রশিক্ষণের জন্য অন্য কোথাও যেতে হবে না। এমনকি দূর-দূরান্ত থেকে আসা প্রতিনিধিরা এই প্রশিক্ষণ কেন্দ্রে থেকে প্রশিক্ষণ নিতে পারবেন।
এদিন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন পঞ্চায়েত কর্মী ও জনপ্রতিনিধিদের প্রশিক্ষণের জন্য সরকার বহু টাকা ব্যয় করে বিভিন্ন জেলায় প্রশিক্ষণ কেন্দ্র ও সম্পদ কেন্দ্র তৈরি করছে। পিন্টু বিভিন্ন জায়গায় দেখা গেছে এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র নানা অনুষ্ঠানে ব্যবহার করা হচ্ছে। এটা করা যাবে না। মন্ত্রী বলেন যদি ক্ষুদ্র দুর্বলতার কারণে এই কেন্দ্র অন্য কাজে ব্যবহার করা হয় তাহলে আসল উদ্দেশ্য থেকে আমরা সরে যাব। এইসব প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ ছাড়া অন্য কোন অনুষ্ঠান বা অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার না করা হয় সেই ব্যাপারে জেলা ও ব্লক প্রশাসনের কর্তাদের সতর্ক থাকতে বলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি অভিযোগ করেন বাম আমলে এই পঞ্চায়েত দপ্তরকে অবহেলা করা হয়েছিল। এমনকি এই দপ্তরকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। সুব্রত মুখোপাধ্যায় বলেন এই দপ্তরের মাধ্যমে মানুষকে নিয়ে বেশি কাজ করা যায় এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন। আর সেই কারণেই তিনি পঞ্চায়েতিরাজ সার্থক করার জন্য আজ সবদিক থেকে এক নম্বরে। তিনি বলেন আগে আমরা রাস্তা জল ১০০ দিনের কাজ সব জায়গাতে পিছনের সারিতে ছিলাম আর আজ সব জায়গাতে প্রথম। শুধু তাই নয় এই সরকারের কাজ বিশ্বে স্বীকৃতি আদায় করেছে। এদিন মন্ত্রী বলেন প্রত্যেকের জানার আগ্রহ থাকা দরকার জেনে কাজ করলে যেরকম একশোতে নব্বই পাওয়া যায় সেইরকম না জেনে কাজ করলে লোকের গালি শুনতে হয়।
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকার কর্পোরেশনের চেয়ারম্যান বিধায়ক পুলক রায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিশেশ সচিব মুক্তি সীতা ভট্টাচার্য, হাওড়ার অতিরিক্ত জেলা শাসক সন্দীপ নাগ, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস, সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়ার মহকুমা শাসক অরিন্দম বিশ্বাস, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নিলাদ্রি শেখর দে, উলুবেড়িয়া পৌরসভা প্রশাসক অভয় দাস জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ।

Post a Comment