ভর সন্ধ্যায় টিটাগড়ে দুষ্কৃতীদের গুলিতে খুন রাজমিস্ত্রি
দি নিউজ লায়নঃ ২৩জানুয়ারি:- দুষ্কৃতীদের গুলিতে খুন রাজমিস্ত্রি। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আলি হায়দার রোডের গোয়ালা পাড়ায়। মৃতের নাম গুনামি খান (৪০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বাইকে চেপে দুই দুষ্কৃতী আসে। সিঁড়ি বেয়ে বাড়ির দ্বিতলের ঘরে উঠে গুনামির মাথায় গুলি করলে ঘটনাস্থলেই ওঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়ায় গোয়ালা পাড়ায়। কি কারনে এই খুন, তা তদন্ত করে দেখছে টিটাগড় থানার পুলিশ।
মৃতের মেয়ে কারিশমা খান জানান, দোকানে গিয়েছিলাম বিকট শব্দ শুনে ছুটে আসি। তখন সিঁড়ি বেয়ে নীচে নামার সময় ওরা তাকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায়। ওপরে এসে দেখি বাবা মেঝেতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে। স্থানীয় সূত্রের খবর, ওই ব্যক্তি স্থানীয় তৃণমূল কাউন্সিলর নৌশাদ আলির ঘনিষ্ঠ। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুর প্রশাসক উত্তম দাস দাবি করেন, মৃত যুবক তাদের দলের সক্রিয় কর্মী। পুলিশকে সব জানানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। জানা গিয়েছে, এ দিন এই ঘটনার সময় পাশের ঘরে ছিল ওই ব্যক্তির দুই মেয়ে। তার গুলির আওয়াজ শুনে ছুটে আসে। তাদের চিৎকারেই স্থানীয়রা ছুটে আসতেই দুই মেয়েকে ঠেলে ফেলে দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়।
ঘটনার খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ ও বারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা নিজে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। কারা এই ঘটনায় যুক্ত বা কি উদ্দেশ্যে ওই ব্যক্তিকে খুন করা হল তা নিয়ে তদন্ত করছে বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। এ দিন পুলিশ কমিশনার জানান, তার ঘটনার খবর পেয়ে এসে দেখেন একজন মাথায় আঘাত পেয়েছেন। তবে সেটা গুলি না অন্য কিছু তা ময়নাতদন্তের রিপোর্ট এলে পরিস্কার হবে। ঘটনায় রাজনীতির যোগ প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত চলছে। সব মিলিয়ে ভর সন্ধ্যায় এই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। প্রসঙ্গত, এমনই এক সন্ধ্যায় টিটাগড় থানার সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এলাকার ভাইয়া বিজেপি নেতা মনীশ শুক্লার। সেই ঘটনায় এখন তদন্ত করছে সিআইডি।

Post a Comment