মঙ্গলকোটে খুন তৃণমূল কর্মী। 26 ভাজপা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের আটক 2
দি নিউজ লায়নঃ মঙ্গলকোটের নিগনে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো। অভিযোগে যাদের নাম আছে তাদের বেশিরভাগই বিজেপি কর্মী বলে স্থানীয় সূত্রে খবর। এদিকে বুধবার তৃণমূল বুথ সভাপতি মৃত সঞ্জিত ঘোষের দেহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত হয়। সেখানেই পূর্ব বর্ধমানের তৃণমূল নেতৃত্ব মরদেহে মালা দেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলকোটের নিগনের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, আটক হওয়ারা বিজেপির কর্মী। মূল অভিযুক্ত এখনও ফেরার।
পুলিশ খোঁজ চালাচ্ছে। খুনের ঘটনায় এলাকা থমথমে। তৃণমূলের অভিযোগ, সঞ্জিত ঘোষ মঙ্গলবার কৈচর পার্টি অফিস থেকে যখন নিগন গ্রামে নিজের বাড়ি ফিরছিল সেই সময় বিজেপির লোকজন সঞ্জিতকে ঘিরে ধরে লাঠি রড়, শাবল দিয়ে মারধোর করে। খবর পেয়ে স্থানীয় তৃণমূল কর্মীরা ছুটে গেলে সঞ্জিতকে ফেলে বিজেপির লোকজন পালিয়ে যায়। ওই তৃনমূল কর্মীকে উদ্ধার করে প্রথমে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর।
বিজেপির সৌমিত্র খাঁয়ের উসকানি মূলক বক্তৃতা দিয়ে যাওয়ার পরই বিজেপির লোকজন ওই তৃণমূল কর্মীর উপর আক্রমণ করে এবং মৃত্যু হয়। এমনটাই তৃনমূল কংগ্রেসের অভিযোগ। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। আউসগ্রাম এর দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দাবি, সৌমিত্র খাঁ এর মতো নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আউসগ্রাম সহ পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় উস্কানিমূলক বক্তব্য রাখছেন এবং অশান্তিতে ইন্ধন যোগাচ্ছে। এদের কথায় প্রভাবিত হয়ে তৃণমূলের উপর হামলা হচ্ছে। তাই এদের বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা নিন না হলে তৃণমূল কর্মীরা পাল্টা প্রতিরোধের পথে হাঁটবেন।

Post a Comment