হাসপাতালে পৌছে স্বাস্থ্য সাথীর কার্ড করে দিলেন বিডিও
দি নিউজ লায়নঃ সটান হাসপাতালে পৌছে স্বাস্থ্য সাথীর কার্ড করে দিলেন বিডিও। তাও আবার ছুটির দিন রবিবার রাতে। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বিডিও প্রশান্ত বর্মনের এই ভুমিকায় রীতিমতো হই চই পড়ে গিয়েছে। গোটা জেলায় দৃষ্টান্ত তৈরি করলেন তিনি বলে মত দিচ্ছে বিভিন্ন পক্ষ। জানা গিয়েছে রবিবার সন্ধ্যা আটটার পর আচমকা আলিপুরদুয়ার জেলা কালচিনি ব্লকের লতাবাড়ি ব্লক হাসপাতালে যান বিডিও প্রশান্ত বর্মন।
সেখানে ভর্তি ২০ জন রোগীর ১০ জনেরই স্বাস্থ্য সাথীর কার্ড করা ছিল না। সকলেই গরীব সাধারন মানুষ। সেই ১০ জনকে হাসপাতালেই স্বাস্থ্য সাথীর কার্ড করে দেন বিডিও। এছাড়া হাসপাতালে ভর্তি প্রত্যেক রোগীকে একটি করে হরলিক্স দান করেন বিডিও। এদিন বিডিও প্রশান্ত বর্মন বলেন, " আমি খবর পাই লতাবাড়ি হাসপাতালে ভর্তি বেশ কিছু রোগীর স্বাস্থ্য সাথীর কার্ড নেই। সেই কারনে আমি হাসপাতালে পৌছে তাদের স্বাস্থ্য সাথীর কার্ড করে দিয়েছি। মানুষের দুয়ারে গিয়ে মানুষের কাজ করার নীতি নিয়েছে রাজ্য সরকার।
সেই নীতিতেই হাসপাতালে পৌছে তাদের স্বাস্থ্য সাথীর কার্ড করে দিয়েছি।" উল্লেখ্য কিছুদিন আগেই পঞ্চায়েত সমিতির সদস্যরা কালচিনি বিডিও অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। সেদিন বিডিও অফিসের বাইরে মাটিতে বসে সরকারি কাজ করেছিলেন বিডিও। সেই ঘটনা গোটা রাজ্যে সারা ফেলে দিয়েছিল। এবার ফের হাসপাতালে পৌছে গরীব রোগীদের স্বাস্থ্য সাথীর কার্ড করিয়ে দেওয়ার ঘটনা বেশ চাঞ্চল্য তৈরি করেছে।

Post a Comment