খড়্গপুরের নিমপুরা এলাকায় শোভাযাত্রা করে সৎকার করা হলো এক বৃদ্ধের দেহ
দি নিউজ লায়নঃ আতশবাজি পুড়িয়ে, বাজনা বাজিয়ে, আবীর ছড়িয়ে, শোভাযাত্রা করে মৃতদেহ সৎকার করতে নিয়ে যাওয়া হয় ।মৃত ব্যক্তির ছবি সামনে খেলা হয় তাস। বৃহস্পতিবার এমন ঘটনার সাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর বলে পরিচিত খড়গপুর শহর। খড়গপুর এর নিমপুরা ব্যবসায়ী সমিতির সম্পাদক দণ্ডপানি সাহু বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান। তার আত্মার শান্তি কামনায় নিমপুরা ব্যবসায়ী সমিতি এই উদ্যোগ নেয়। সমিতির পক্ষে সি এইচ হরি বাবু বলেন উনি অনেক ভালো লোক ছিলেন।
এই বাজারের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। ব্যবসায়ীদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। এত বছর বয়সে কোন রোগ জ্বালা ছাড়াই তার মৃত্যু হয়েছে। তাই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়। সেই সঙ্গে তিনি বলেন উনাকে শ্রদ্ধা জানানোর জন্য উনার একটি আবক্ষ মূর্তি বাজারে তৈরি করা হবে। ব্যবসায়ী সমিতির আর এক সদস্য বলেন উনি তাস খেলতে ভালোবাসতেন।
ওনার সঙ্গে আমরা প্রতিনিয়ত তাস খেলতাম। উনি বলে গিয়েছেন আমি চলে গেলেও তাস খেলা যেন বন্ধ না হয়। আমার মৃতদেহের সামনে যেন তাস খেলার ব্যবস্থা করা হয়। তার আত্মা যেন শান্তি পায় তাই আমরা এই দিন তাস খেলার ব্যবস্থা করি।মৃতের ছেলে সুরেশ সাহু বলেন বাবা একেবারে সুস্থ ছিলেন। চার দিন আগেও বাজারে গিয়েছেন। তার মৃত্যুতে বাজার কমিটি এদিন মৃতদেহ নিয়ে যে ভাবে শোভাযাত্রা করলো তাতে আমাদের পরিবারের সমর্থন ছিল।তবে খড়গপুর শহরে এভাবেই এই প্রথম শোভাযাত্রা করে মৃতদেহ দাহ করার জন্য নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় বাসিন্দারা জানান।

Post a Comment