খেলার সময় দাঁড় করিয়ে রাখা কুয়োর পাট পড়ে মৃত্যু এক শিশুর, বাঁকুড়ায় উত্তেজনা
দি নিউজ লায়নঃ খেলার সময় দাঁড় করিয়ে রাখা কুয়োর পাট পড়ে মৃত্যু হল বছর তিনেকের একটি শিশুর। মৃত শিশুর নাম আব্দুল আহাদ আনসারি। বুধবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের ইদগামহল্লা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন দুপুর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার শালতোড়া থানার বাগাডোবা গ্রাম থেকে সম্প্রতি মা এর সাথে মামা বাড়িতে বেড়াতে এসেছিল আব্দুল আহাদ আনসারি। অন্যান্য দিনের মতোই প্রতিবেশী কয়েকটি শিশুর সাথে খেলা করার সময় আচমকাই এক প্রতিবেশীর সদ্য খনন করা কুয়োর কাছে দাঁড় করিয়ে রাখা কুয়োর পাট পড়ে যায় আব্দুল আহাদ আনসারির গায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি ওই প্রতিবেশী বেশ কয়েকদিন ধরে একটি ফাঁকা জায়গায় বিপজ্জনক ভাবে কুয়োর পাট দাঁড় করিয়ে রেখেছিলেন।
যে কোনো সময় বিপদ ঘটতে পারে সেই আশঙ্কার কথা জানিয়ে ওই কুয়োর পাট নিরাপদ ভাবে রাখার অনুরোধও জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। কিন্তু তারপরও ওই প্রতিবেশী ব্যবস্থা নেয়নি। তারই পরিনতি হিসাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে দাবি করে এলাকার বাসিন্দারা ওই ব্যাক্তির শাস্তি দাবি করেছেন। বাঁকুড়া সদর থানার পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Post a Comment