তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয় ভাংচুর
দি নিউজ লায়নঃ রাতের অন্ধকারে তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়ের পাশাপাশি শহীদ বেদী ভাঙচুরেরঅভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উলুবেড়িয়া পুরসভার ১৫ নং ওয়ার্ডের চেঙ্গাইলে। যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল ষ্টেশনের পাশেই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এর একটি দলীয় কার্যালয় আছে।স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় থাকা দলীয় কার্যালয়ে এসে সেখানে ভাঙচুর চালায় পাশাপাশি কার্যালয় থেকে একটু দূরে একটি শহীদ বেদী ও ভাঙচুর করে দুষ্কৃতীরা। এদিকে বুধবার সকালে বিষয়টি জানাজানি হওয়ার পরে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল নেতাকর্মীরা । তারা কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পরে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামে।
ঘটনা সম্পর্কে ওয়ার্ডের কো-অর্ডিনেটর শেখ সেলিম জানান মঙ্গলবার গভীর রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দলীয় কার্যালয় ও শহীদ বেদীতে ভাঙচুর চালায়। এমনকি কার্যালয়ের ভিতরে থাকা মুখ্যমন্ত্রীর ছবি ফেলে দেয় এবং কার্যালয়ের ভেতরে থাকা এক যুবককে মারধর করে। শেখ সেলিমের অভিযোগ দুষ্কৃতীরা শহীদ বেদীতে থাকা পাইপ খুলে নিয়ে গিয়ে অন্য একটি জায়গায় সেটিকে লাগিয়ে তাতে বিজেপির দলীয় পতাকা টাঙিয়েছে।তার অভিযোগ এর থেকে প্রমাণিত হয় ঘটনার সাথে বিজেপির যোগ আছে।
যদিও তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল।তিনি জানান এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তার দাবি এর আগেও এই রকম বহু ঘটনা ঘটেছিল। শহীদ বেদী থেকে পাইপ খুলে বিজেপির পতাকা লাগানো সম্পর্কে প্রত্যূষ মন্ডলের বক্তব্য এর থেকে প্রমাণিত হয় তৃণমূলের অনেকেই বিজেপি তে আসার জন্য পা বাড়িয়েছে।

Post a Comment