পুনর্বাসন না দিয়ে নির্মাণ কাজ ভাঙা যাবেনা, রেলের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল নেতার
দি নিউজ লায়নঃ আমফানে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন হাওড়ার দাশনগরের বালিগোলা রেল বস্তি এলাকার বাসিন্দারা। শুক্রবার সকালে ওই নির্মাণকাজ ভাঙতে এসে এলাকার বাসিন্দাদের প্রবল বাধার মুখে পড়তে হয় রেল পুলিশকে। এলাকার তৃণমূল নেতা বিভাস হাজরা, প্রাক্তন কাউন্সিলর সুব্রত পোল্ল্যে ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে রেল পুলিশের সামনে রুখে দাঁড়ান। শ্লোগান দিয়ে মিছিল হয় বিভাস হাজরার নেতৃত্বে। বিভাসবাবুর দাবি, এখানে প্রায় এক হাজার পরিবার গত একশ বছর ধরে বসবাস করছেন।
এদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। পুরসভা এদের জন্য রাস্তা, আলো, পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে। অভিযোগ, আমফানে ক্ষতিগ্রস্ত ঘর নতুন করে পুনর্নির্মাণ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন এরা। বিভাসবাবুর অভিযোগ, ঘর বানাতে হলে এদের কাছে থেকে টাকা দাবি করা হচ্ছে। এরা এখানকার দীর্ঘদিনের বাসিন্দা। আমরা রেল পুলিশকে এদের ঘর ভাঙতে দেবনা। তার আগে এদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। না হলে প্রতিবাদ চলবে।
এদিন বিভাসবাবু বলেন, দাশনগর ১নম্বর রামকৃষ্ণ কলোনিতে প্রায় হাজার পরিবার এখানে বসবাস করে। প্রায় একশ বছরের বাসিন্দা এরা। এখানে রাস্তা, আলো, জল নিকাশি,পানীয় জল সব ব্যবস্থা করা হয়েছে। আজকের এই ঘটনার প্রতিবাদ করেন এলাকার মানুষজন। তারা রুখে দাঁড়ান। তাদের বক্তব্য আগে পুনর্বাসন দেওয়া হোক। এইভাবে তাদের এখান থেকে সরানো যাবে না। আগামী রবিবার চারটে নাগাদ রামকৃষ্ণ কলোনিতে বালিগোলায় এর প্রতিবাদ সভা করা হবে। ঘরবাড়ি যাদের ভাঙা হয়েছে তাদের শীতবস্ত্র দেওয়া হবে। এদিকে, এদিনের ঘটনার বিষয়ে রেল পুলিশের বক্তব্য জানা যায়নি।

Post a Comment