একই দিনে দু’টি বাড়ি থেকে সোনার গয়না ও টাকা চুরির ঘটনায় গ্রেফতার ১
দি নিউজ লায়নঃ একই দিনে দু’টি বাড়ি থেকে সোনার গয়না ও টাকা চুরির ঘটনায় ধৃতকে হেফাজতে নিল পুলিস। ঘটনাটি ঘটেছিল ভাতার থানা এলাকায়। সোমবার ঘটনায় ধৃত মিঠুন শেখ ওরফে মিঠুকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। মুর্শিদাবাদের বেলডাঙার আশ্রমপাড়ায় তার বাড়ি। দিনকয়েক আগে একটি চুরির ঘটনায় জামালপুর থানার পুলিস তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে ভাতারের চুরির ঘটনায় তার জড়িত থাকার বিষয়ে জানতে পারে পুলিস।
আদালতের অনুমতি নিয়ে সংশোধনাগারে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন ভাতার থানার তদন্তকারী অফিসার। পুলিস জানিয়েছে, মাসখানেক আগে ভাতার থানার কুলচণ্ডা গ্রামের বাসিন্দা রথীন বিশ্বাসের বাড়িতে চুরি হয়। ঘটনার দিন সকাল ৯টা নাগাদ তাঁর স্ত্রী শাশুড়িকে নিয়ে ডাক্তার দেখাতে যান। ঘন্টাখানেক পর বাড়ি ফিরে দেখেন, দরজা ভাঙা। আলমারির লক ভেঙে তাতে থাকা আড়াই ভরি সোনার গয়না ও ৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে চোরে। একই দিনে ভাতার গ্রামের মোড়ল পুকুর পাড়ের একটি বাড়িতে একই কায়দায় চুরির ঘটনা ঘটে।
বাড়ি থেকে আড়াই ভরি সোনার গয়না ও ২৫ হাজার টাকা নিয়ে পালায় চোরে। দু’টি ঘটনার বিষয়ে রথীন থানায় অভিযোগ দায়ের করেন। চুরিতে জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়ে মিঠুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করে আদালত। চুরিতে মিঠুনের সঙ্গে আরও একজন জড়িত বলে জেনেছে পুলিস। ঘটনার দিন আলিনগর এলাকার সিসি ক্যামেরার ফুটেজে বাইক চালিয়ে মিঠুন ও তার সঙ্গীকে পালিয়ে যেতে দেখা যায়। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিস। চুরি করা সোনার গয়না ও টাকা উদ্ধারের জন্য মিঠুনকে ৭ দিন পুলিসি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। তাকে ৫ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Post a Comment