৬০ বছরের বৃদ্ধার উপর নির্যাতন চালাচ্ছে ছোট ছেলে ও তার শ্যালক - The News Lion

৬০ বছরের বৃদ্ধার উপর নির্যাতন চালাচ্ছে ছোট ছেলে ও তার শ্যালক

 


দি নিউজ লায়নঃ  ৬০ বছরের বৃদ্ধার উপর নির্যাতন চালাচ্ছে ছোট ছেলে ও তার শ্যালক। নির্যাতন থেকে রেহাই মিলছে না বৃদ্ধার মেয়েও। দীর্ঘদিন ধরে তাঁদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। বৃদ্ধা ও তাঁর মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর হুমকি দেওয়া হচ্ছে। এনিয়ে স্থানীয় কাউন্সিলারকে জানান বৃদ্ধা। কাউন্সিলার মীমাংসাও করে দেন। যদিও তা মানেনি ছোট ছেলে। বাধ্য হয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা। ঘটনা বর্ধমান শহরের ৩ নম্বর ইছলাবাদ এলাকায়।


 অভিযোগে বৃদ্ধা জানিয়েছেন, কয়েকমাস আগে তাঁর স্বামী মারা যান। দুই ছেলে ও তাদের পরিবার এবং তাঁর অবিবাহিত মেয়েকে নিয়ে বসবাস করেন তিনি। স্বামীর মৃত্যুর পর ছোট ছেলে সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। তাতে রাজি না হওয়ায় তাঁর এবং মেয়ের উপর নির্যাতন চালাচ্ছে ছেলে। তাতে ছোট ছেলের এক সম্বন্ধিও জড়িত। কয়েকদিন আগে সন্ধ্যায় ছোট ছেলে, তার সম্বন্ধি কয়েকজন বহিরাগতকে নিয়ে তাঁকে এবং মেয়েকে জোর করে বাড়ি থেকে বের করে দিতে যায়। তাঁর ও মেয়ের চিৎকার শুনে বড় ছেলে ও দুই নাতি সেখানে আসে। বাধা দিলে বড় ছেলে ও নাতিদের বেধড়ক মারধর করা হয়। এমনকি মেরে লাশ গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া হয়। চিৎকার-চেঁচামেচি শুনে পাড়ার লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিস বাড়িতে আসে। হামলাকারীদের ফেলে যাওয়া দু’টি বাইক পুলিস উদ্ধার করে নিয়ে যায়। 


ভবিষ্যতে যাতে তিনি মেয়েকে নিয়ে বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে পারেন পুলিসের কাছে তার আির্জ জানিয়েছেন তিনি। এর পাশাপাশি নিরাপত্তারও দাবি জানিয়েছেন বৃদ্ধা। বর্ধমান থানার এক অফিসার বলেন, অভিযোগ পাওয়া মাত্র নির্দিষ্ট ধারায় কেস রুজু হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অভিযোগের বিষয়ে আইনমাফিক পদক্ষেপ নেওয়া হবে। বৃদ্ধার আইনজীবী সৈয়দ আশিক রসুল বলেন, বৃদ্ধা ও তাঁর মেয়ের উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। এনিয়ে পুলিস সুপারকেও জানানো হয়েছে। বর্ধমান আদালতেও মামলা করা হয়েছে। বৃদ্ধা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.