বিজেপি বিশ্বাসঘাতক, মমতাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করে বিজেপিকে বিশ্বাসঘাতকতার জবাব দেব-গুরুঙ
দি নিউজ লায়নঃ বিজেপি বিশ্বাসঘাতক মমতাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করে বিজেপিকে বিশ্বাসঘাতকতার জবাব দেবো- কালিম্পং এর জনসভা থেকে বিজেপিকে তুলোধোনা করলেন মোর্চা নেতা বিমল গুরুং। দার্জিলিংয়ের পর বৃহস্পতিবার কালিম্পংয়ের জনসভায় কার্যত তিল ধারণের জায়গা ছিল না। প্রায় সাড়ে তিন বছর পর কালিম্পংয়ে গুরুঙ জনসভায় কি বলেন তা নিয়ে মোর্চা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। ভিড়ে ঠাসা সভায় প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ান গুরুঙ।
তিনি বলেন, 'বিজেপি যে শুধু আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তা নয় বিজেপি গোর্খাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অলীক স্বপ্ন দেখিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন পাহাড়ের মানুষকে ঠকিয়েছে। ভোটের রাজনীতি করেছে। নির্বাচনের পর সব ভুলে গিয়েছে। তাই বিজেপি কে বিশ্বাস করবেন না। এরা বিশ্বাসঘাতক। এই বিশ্বাসঘাতকতার জবাব পাহাড়ের মানুষকে দিতে হবে মমতাকে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করে। সর্বশক্তি দিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা মমতার পাশে থাকবে। পাহাড়ে বিজেপির কোন অস্তিত্ব থাকবে না।
'সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বাংলায় বিজেপি ক্ষমতা দখলের যে স্বপ্ন দেখছে তা স্বপ্নই থেকে যাবে। বিজেপির কোন সংগঠন নেই তাই বাংলায় ক্ষমতা দখল করা তাদের পক্ষে সম্ভব নয়। তার ভবিষ্যৎবাণী বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি সর্বোচ্চ 60 থেকে 70 টি আসন পেতে পারে। এদিনের জনসভা থেকে বিজেপির পাশাপাশি নাম না করে বিনয় তামাং এবং অনিত থাপাকেও আক্রমণ করেন গুরুঙ। তিনি বলেন, রাজ্য সরকার উন্নয়নের জন্যে টাকা দিচ্ছে কিন্তু দুজন এমন ব্যক্তি পাহাড়ে রয়েছেন যারা উন্নয়নের টাকা আটকে রাখছেন। পাহাড়ে উন্নয়ন করছেন না। একের পর এক প্রকল্প ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দিচ্ছেন। আগামী দিনে এই দু'জনকে পাহাড়ের মানুষ জবাব দেবে।

Post a Comment