ঘরে চলো অভিযানে আদিবাসী গ্রামে দারুণ সাড়া পেলেন রাষ্ট্র মন্ত্রী শ্যামল সাঁতরা
দি নিউজ লায়নঃ গ্রামে চলো অভিযানের পর এবার বাঁকুড়া জেলা তৃনমূলের উদ্যোগে মঙ্গলবার থেকে বাঁকুড়া জেলা জুড়ে শুরু হল ঘরে চলো অভিযান। মঙ্গলবার সকালে বাঁকুড়ার বড়চাকা গ্রামে গিয়ে এই কর্মসূচীর সূচনা করেন পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা। এরপর থেকে জেলার প্রতিটি গ্রামে যাবেন স্থানীয় তৃনমূল নেতা কর্মী ও বিধায়করা। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প মানুষের কাছে কতটা পৌঁছেছে এবং কোন ক্ষেত্রে থেকে গেছে খামতি তা জানতেই এই অভিযান বলে জানিয়েছেন পঞ্চায়েত দফতরের রাষ্ট্র মন্ত্রী শ্যামল সাঁতরা।
গত লোকসভা নির্বাচনের পরেই বাঁকুড়া জেলা জুড়ে গ্রামে চলো অভিযানের ডাক দিয়েছিল তৃনমূল। উদ্যেশ্য ছিল বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করা। ওই অভিযানে গ্রামে গিয়ে স্থানীয় মানুষ কিভাবে সেই প্রকল্পগুলির সুবিধা পাবেন সে সম্পর্কেও মানুষকে সচেতন করেন তৃনমূলের নেতা কর্মী ও বিধায়করা। এবার মানুষের সাথে আরো নিবিড় সম্পর্ক গড়ে তোলার উদ্যেশ্যেই ঘরে চলো অভিযানের ডাক দেওয়া হয়। মঙ্গলবার সকালে এই অভিযানের উদ্বোধনী কর্মসূচীতে সাত সকালেই বাঁকুড়া দু নম্বর ব্লকের বড়চাকা গ্রামে পৌঁছে যান পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা। সঙ্গে ছিলেন তৃনমূল ছাত্র পরিষদের বাঁকুড়া জেলার সভাপতি তীর্থঙ্কর কুন্ডু সহ দলের স্থানীয় নেতৃত্ব।
গ্রামে গিয়ে একটি ফাঁকা জায়গায় মাটিতে বসে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। সেখানেই তাঁদের সুবিধা অসুবিধার কথা শোনেন মন্ত্রী। পরে গ্রামের বাড়িতে বাড়িতে ঘোরেন মন্ত্রী সহ দলের নেতা কর্মীরা। কখনো বাড়ির দাওয়ায় বসে আবার কখনো একেবারে আদিবাসী পরিবারের হেঁসেলে পৌঁছে রান্না করতে থাকা মহিলাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। পরে মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, রাজ্যের আদিবাসী মানুষদের সঙ্গে এ রাজ্যের সরকার রয়েছে। ৩৬৫ দিন আমরা তৃনমূল কর্মীরা গ্রামের আদিবাসী মানুষের সঙ্গে সুখে দুঃখে রয়েছি। আদিবাসী মানুষও আমাদের সাথেই আছেন। বিজেপির বহিরাগতরা একদিনের জন্য ভিন রাজ্য উড়ে এসে আদিবাসীদের কাছের লোক সাজার চেষ্টা করছে। আদিবাসী মানুষ জানেন তাঁদের কিভাবে জবাব দিতে হয়। সামনের বিধানসভা নির্বাচনেই সেই জবাব ব্যালটের মাধ্যমে দেবেন রাজ্যের আদিবাসী সহ রাজ্যের সমস্ত মানুষ।

Post a Comment