স্বামীকে খুন করে গাছে ঝুলিয়ে দেয়ার অভিযোগ দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ স্বামীর সঙ্গে বিবাদ বেঁধেছিল স্ত্রীর। এরপরই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান স্বামী। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই একটি আমবাগান থেকে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। যদিও এই ঘটনায় সৎ মায়ের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ তুলেছে মেয়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাগানপাড়া এলাকায়। মঙ্গলবার সকালে বাগানপাড়া এলাকার একটি আম গাছ থেকেই ওই ব্যক্তির দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে তদন্তকারী পুলিশ কর্তারা।
পাশাপাশি এই ঘটনায় মৃতের বড় মেয়ে পায়েল মন্ডল পুরাতন মালদা থানায় তার সৎ মা গঙ্গা মণ্ডলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোপাল মণ্ডল (৪৫)। তার বাড়ি পুরাতন মালদা পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের রসিলাদহ কলোনি এলাকায় পেশায় ফাস্টফুড বিক্রেতা ছিলেন। ওই ব্যক্তির প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার পর, কয়েক বছর আগেই সাহাপুর এলাকার গঙ্গায়মন্ডল নামে এক মহিলাকে বিয়ে করেন গোপালবাবু। যদিও গোপালবাবুর প্রথম পক্ষের চার ছেলেমেয়ে রয়েছে।
এদিন সকালে বাগানপাড়া এলাকার কিছু মানুষ আম গাছের কাছে ওই ব্যক্তির দেহ ঝুলতে দেখে। তবে মৃত শরীরে গলা এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। প্রথম পক্ষের এক মেয়ে পায়েল মণ্ডল পুলিশকে অভিযোগে জানিয়েছেন, বাবাকে সৎ মা গঙ্গা মণ্ডল দুষ্কৃতী দিয়ে খুন করিয়েছে। বাবার ওপর মানসিক অত্যাচার চালাচ্ছিল সৎ মা গঙ্গা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment