গনিখানের সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার স্বপ্ন পূরণ করেছিলেন মমতা এবার পালা বিজেপির বিসর্জনের। মালদায় আক্রমনাত্মক ফিরহাদ
দি নিউজ লায়নঃ প্রাক্তন রেলমন্ত্রী বরকতদা যেভাবে সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার ডাক দিয়েছিলেন, পরবর্তীতে বরকতদা প্রয়াত হওয়ার পর সেই স্বপ্ন পূরণ করেছেন মমতা। এবার বিজেপিকে বঙ্গোপসাগরের ছুড়ে ফেলা ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার মালদায় তৃণমূলের কর্মী সভা করতে এসে একথা বলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সন্ধ্যায় মালদা শহরের রামকৃষ্ণ পল্লী এলাকার একটি প্রেক্ষাগৃহে দলের নেতাকর্মীদের নিয়ে সভা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু তার আগেই এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুরে দলীয় সভায় যোগ দিতে যান মন্ত্রী।
এদিকে এদিন সকালে পদাতিক ট্রেনে করে মালদা টাউন স্টেশনে ভোর পাঁচটায় আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই সময় মন্ত্রীকে স্বাগত জানাতে স্টেশনে পৌঁছান ইংরেজবাজার পুরসভার প্রশাসনিক মণ্ডলীর চেয়ারপার্সন নিহার ঘোষ, দলের রাজ্যের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
এদিন মালদায় কর্মী সভায় যোগ দেওয়ার আগে মালদা টাউন স্টেশনে এসে সাংবাদিকদের সামনে রাজ্যের পুরো ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এবার সময় এসেছে বিজেপিকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার। একসময় বরকতদা যেমন সিপিএমকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার ডাক দিয়েছিলেন। পরবর্তীতে সেই স্বপ্ন পূরণ করেছেন মমতা।
এবারো সেটাই হবে। এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের শক্তি অনেক বৃদ্ধি হয়েছে। এই জায়গাগুলো আমরা ঘুরে দেখেছি। তৃণমূলের গড় তৈরি হয়েছে এসব জেলায়। আশা করছি এবারে তৃণমূলের ফল এসব জেলায় খুব ভালো হবে। তার কারণ, এখানে অসাম্প্রদায়িক মানুষ বেশি, মনোভাবাপন্ন মানুষ বেশি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যারা রয়েছেন , তারা কখনোই বিজেপিকে চাইবেন না। একটা সময় এসব জেলায় কংগ্রেসের গড় ছিলো। কিন্তু পশ্চিমবঙ্গে এখন কংগ্রেসের যা অবস্থা তাতে কংগ্রেস বিজেপিকে রুখতে পারবে না। বিজেপিকে যদি রুখতে হয় তাহলে তৃণমূলই পারবে।
রাজ্যের পুরো ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম আরো বলেন, শুধু পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষে বিজেপিকে রুখার শক্তি কংগ্রেসের নেই। এখানে শুধু তৃণমূলই পারবে। এখানে মিম ছাড়াও অন্য কোন দলের সম্পর্কেও মানুষকে ভুল বোঝানো হচ্ছে। বাংলায় যদি সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে হয় তাহলে তৃণমূলকে দরকার।
মন্ত্রী আরো বলেন, আমরাও এক সময় বরকতদার সঙ্গে কংগ্রেস করতাম। বরকত ঘরের লোক এখন আমাদের সাথেই রয়েছেন। তার উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, বরকতদার ভাগ্নি মৌসুম নূর এখন তৃণমূলের মালদা জেলা সভাপতি এবং রাজ্যসভার সাংসদ। আজকে একটা নতুন শক্তি দেশে তৈরি হয়েছে তার নাম বিজেপি। আজকে যদি বরকতদা বেঁচে থাকতেন, তাহলে তিনি বিজেপিকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার ডাক দিতেন। কারণ, বরকতদা কখনোই সাম্প্রদায়িক শক্তিকে পছন্দ করতেন না। দলের মালদায় কোন্দল প্রসঙ্গে মন্ত্রী বলেন , আমরা সবাই মিলে কাজ করছি। এসব নিয়ে এখন আর কোন সমস্যা নেই। যেহেতু গণতান্ত্রিক পরিকাঠামো তৃণমূলের রয়েছে, বিজেপির মত নয়। তাই গণতান্ত্রিক পরিকাঠামোতে অনেক সময় মতবিরোধ হয়। কাজেই এনিয়ে এখন দলের মধ্যে কোন সমস্যা নেই। তাই আগামী বিধানসভা নির্বাচনে বৃহৎ আসন নিয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করবে তৃণমূল।

Post a Comment