বহুতল নির্মাণের সময় চাঙ্গর খসে জখম শ্রমিক
দি নিউজ লায়নঃ একটি বহুতল নির্মাণকার্য চলাকালীন চাঙ্গর খসে গুরুতর জখম হল এক সহকারী নির্মাণ শ্রমিক। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে নবদ্বীপ পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাগচীপাড়ায়। ঘটনায় গুরুতর জখম ওই সহকারী নির্মাণ শ্রমিক রবিউল শেখ কে নবদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম শ্রমিকের বাড়ি মায়াপুরের বামনপুকুর এলাকায়। হাসপাতাল সূত্রের খবর ওই শ্রমিকের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
এদিকে এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে বহুতলের পার্শবর্তী একটি তিনতলা বাড়ি যে কোনও সময়ে ধসে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, সম্প্রতি পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাগচীপাড়ায় প্রয়াত গোপাল সাহার বাড়িটি তার পুত্র প্রমোটার কে দিয়ে দেন বহুতল নির্মাণের জন্য। প্রতিদিনের মতো এদিনও ওই বহুতলে নির্মাণ কাজ চলছিল। সেখানে অন্যান্যদের পাশাপাশি সহকারী নির্মাণ শ্রমিক রবিউল শেখও কাজ করছিলেন। সকাল প্রায় সাড়ে নটা নাগাদ কাজ চলাকালীন পুরোনো বাড়ির একটি ঢালাই রাস্তার অর্ধেকাংশ হঠাতই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
সেই সময় অন্যান্য শ্রমিকেরা কোনও মতে সরে গেলেও সরতে পারেনি জখম রবিউল। ভেঙে পড়া চাঙ্গর তার শরীরের উপরে পড়ে। ঘটনায় প্রথমিকভাবে হকচকিয়ে গেলেও পরে সম্বিৎ ফিরতেই সহকর্মী রবিউল কে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে অন্যান্য শ্রমিকরা। পরে স্থানীয়দের সাহায্যে গুরুতর জখম রবিউল শেখ কে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রের খবর।

Post a Comment