রাজ্য সরকার বরাদ্দ করেছে দু'কোটি টাকা, ঢেলে সাজানো হচ্ছে মালদা জেলা ক্রীড়া সংস্থা
দি নিউজ লায়নঃ ঢেলে সাজানো হচ্ছে মালদা জেলা ক্রীড়া সংস্থা। বদলে দেওয়া হবে খোলনলচে। এজন্য মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন দুই কোটি টাকা। মালদা জেলা ক্রীড়া সংস্থার অধীনে রয়েছে সুইমিংপুল, স্টেডিয়াম এবং ইনডোর স্টেডিয়াম। তিনটিকে আধুনিক রূপে সাজিয়ে তোলা হবে। পাশে রয়েছে আরেকটি ফাঁকা মাঠ। সেখানে তৈরি হবে ২০০ মিটারের আধুনিক ট্রাক। সোমবার দুপুরে মালদা শহরের ডিএসএ সংলগ্ন সুইমিংপুল গ্রাউন্ডে সমস্ত পরিকল্পনার কথা হাতে নিয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ তথা ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় জহর দাস। এছাড়াও ছিলেন ক্রীড়া সংগঠক সৌমেন দাস, দিলীপ দে প্রমুখ।
এদিন জেলা ক্রীড়া সংস্থার মাঠ, সুইমিংপুল, ইনডোর স্টেডিয়াম সহ বিভিন্ন খেলার জায়গা সাংবাদিকদের ঘুরিয়ে দেখান কৃষ্ণেন্দু চৌধুরী। জেলা ক্রীড়া সংস্থার মাঠের পাশেই রয়েছে আরেকটি মাঠ। এই মাঠের কিছু অংশ জবরদখল হয়েছিল এতদিন। এখনো সেখানে রয়েছে ইংরেজবাজার পুরসভার বড় বড় পাইপের স্তূপ। এদিন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন , অনেক চেষ্টা করে মাঠের জমি দখলমুক্ত করা হয়েছে। জেলা শাসকের কাছে আবেদন করেছি পুরসভার মজুত করা পাইপগুলি যেন সরিয়ে নেওয়া হয়। এই মাঠেই তৈরি হবে ২০০ মিটারের আধুনিক ট্রাক।
এছাড়াও এই মাঠটিকে ঢেলে সাজানো হবে স্টেডিয়াম দিয়ে। প্রতিবছর বন্যার সময় নদী সংলগ্ন এলাকার বহু মানুষ এসে আশ্রয় নেয় এই মাঠে। তাদের জন্য তৈরি করা হবে মাঠের এক প্রান্তে রেসকিউ সেন্টার। প্রাক্তন মন্ত্রী তথা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, মালদায় ক্রীড়ার উন্নতির লক্ষ্যে মুখ্যমন্ত্রীর কাছে কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব মঞ্জুর করেছে এবং দুই কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছে। জেলা ক্রীড়া সংস্থার পাশের মাঠটিও মুখ্যমন্ত্রীর জন্য পেতে চলেছি আপাতত মুখ্যমন্ত্রীর দেওয়া দুই কোটি টাকা দিয়ে আমূল সংস্কার করা হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার অধীনে থাকা খেলার মাঠ। সুইমিংপুল এদিন আমাদের সঙ্গে আছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ জহর দাস। তাঁর সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার কাজকর্ম নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। ইতিমধ্যে মালদা একটি ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। এর বাইরে তিনি সবরকম ভাবে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন।

Post a Comment