আগাম নোটিশ না দিয়েই আড়াই ঘণ্টার জন্য বন্ধ রইল মঙ্গলবাড়ি ব্রিজ
দি নিউজ লায়ন ; আগাম নোটিশ ছাড়াই হঠাৎ করে কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হলো ৩৪ নম্বর জাতীয় সড়কের মহানন্দা নদীর ওপর অবস্থিত মঙ্গলবাড়ির ব্রিজ। আর তাতেই চরম বিপাকে পড়তে হলো সাধারণ পথচারী থেকে যানবাহন চালকদের। শনিবার কাক ভোর থেকে এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই) কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারেরা আসেন।
সেখানে ঘন্টাখানেক ধরে চলে ব্রিজের খুটিনাটি বিষয়গুলি খতিয়ে দেখার কাজ। প্রায় আড়াই বন্ধ রাখা হয় পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী ৩৪ নম্বর জাতীয় সড়কের ওই সেতুটি। যাতে করে চরম সমস্যায় পড়তে হয় বিভিন্ন যানবাহন চালকদের। অবশেষে আড়াই ঘন্টা পর সেই ব্রিজের যান চলাচল স্বাভাবিক হয় কিন্তু আগাম কোনো নোটিশ ছাড়া হঠাৎ করে জাতীয় সড়ক বন্ধ করে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার বিষয় নিয়ে অসন্তোষ তৈরি হয় সাধারণ মানুষ থেকে যানবাহন চালকদের।
যদিও এদিন এনএইচএআই কর্তৃপক্ষের এক কর্তা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে থেকে অভিযোগ উঠেছিল মঙ্গলবাড়ী সেতুর নাকি দুর্বল অবস্থা হয়ে পড়েছে। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন ওই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। খুঁটিনাটি সব বিষয়ই খতিয়ে দেখা হয়েছে। তবে ভয়ের কোন কারণ নেই, এই ব্রিজের অবস্থা ভালোই রয়েছে। তবে কিছু সংস্কারের দরকার রয়েছে। যা খুব শিগগিরই শুরু করে দেওয়া হবে। এইএইচআইএ'র অধীনস্থ এক ঠিকাদারি সংস্থার ইঞ্জিনিয়ার অভিক চৌধুরী জানিয়েছেন, বিভিন্ন মহল থেকে মঙ্গলবাড়ি ব্রীজের সংস্কার নিয়ে দাবি উঠেছিল।
তাই এদিন সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ারেরা এসেছেন , ওই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করেছেন এই ব্রিজটিকে আরও কিভাবে উন্নত করা যায় এবং বর্তমানে ব্রিজের কি অবস্থা রয়েছে সে ব্যাপারেও তদারকি করে দেখা হয়েছে। আপাতত এই ব্রিজটি ঠিকই রয়েছে। তবে কিছু সংস্কারের প্রয়োজন আছে। সেগুলিও সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ারেরা খতিয়ে দেখেছেন। যেসব জায়গায় সংস্কারের প্রয়োজন সেখানে দ্রুত কাজ শুরু করে দেওয়া হবে। এইজন্য এদিন আড়াই ঘন্টা মঙ্গলবাড়ী সেতুতে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

Post a Comment