স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
দি নিউজ লায়ন ; সাংসারিক অশান্তির জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জগৎবল্লভপুর থানার মাজুক্ষেত্র গ্রামে। মৃত গৃহবধূর নাম সুপ্রিয়া মন্ডল (২৮)। ঘটনায় গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে জগৎবল্লভপুর থানার পুলিশ মৃতার স্বামী নরোত্তম মন্ডলকে গ্রেফতার করেছে। ধৃতকে শনিবার হাওড়া আদালতে তোলা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বছর ১২ আগে জয়পুরের সেহাগড়ি গ্রামের বাসিন্দা সুপ্রিয়ার সঙ্গে জগৎবল্লভপুরের মাজুক্ষেত্র গ্রামের বাসিন্দা পেশায় আখের রস বিক্রেতা নরোত্তম মন্ডলের বিয়ে হয়। স্থানীয় সূত্রে খবর আখের রস বিক্রি করে সেভাবে আয় না হলেও নরোত্তম মন্ডল নেশার পিছনে অনেক টাকা ব্যয় করত। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। এমনকি তাদের একটি মেয়ে হলেও নরোত্তমের নেশা কমেনি।
স্থানীয় সূত্রে খবর সম্প্রতি লক ডাউনের জেরে নরোত্তমের আয় তলানিতে ঠেকেছিল। যদিও তার নেশা কমছিলনা। জানা যায় শুক্রবার রাতে নরোত্তম নেশা করে বাড়ি ফিরলে সুপ্রিয়ার সাথে নরোত্তমের ঝামেলা শুরু হয়। অভিযোগ ঝামেলা চলাকালীন নরোত্তম তার আখ কাটার কাস্তে দিয়ে স্ত্রীকে কোপাতে থাকে। ঘটনাস্থলেই সুপ্রিয়ার মৃত্যু হয়। শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে জগৎবল্লভপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

Post a Comment